প্যারাগুয়ের কংগ্রেসে বিক্ষোভকারীদের তাণ্ডব, নিহত ১
প্রেসিডেন্ট হোরাসিও কার্তেসকে ফের নির্বাচনে দাঁড়ানোর সুযোগ দেয়ার উদ্দেশ্যে সংবিধান সংশোধনে সিনেটে গোপন ভোটাভুটির পর প্যারাগুয়ের কংগ্রেসে বিক্ষোভকারীদের হামলায় সময় এক ব্যক্তি নিহত হয়েছে।
বিক্ষোভকারীদের দাবি, পুলিশের ছোড়া রাবার বুলেটের আঘাতে রদ্রিগো কুইনতানা (২৫) নামের এক তরুণ নিহত হয়েছে।
কুইনতানার মৃত্যু নিয়ে তদন্ত শুরু হয়েছে বলে এক বিবৃতিতে জানায় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, মাথায় মারাত্মক আঘাতের কারণে কুইনতানার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
টুইটারে দেওয়া এক বিবৃতিতে সবাইকে শান্ত থাকার ও সহিংসতা প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট কার্তেস।
সেইসঙ্গে আইনশৃঙ্খলা বজায় রাখতে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি।
শুকবার রাতে রাজধানী অসানসিয়নে অবস্থিত কংগ্রেস ভবনে ভাংচুর চালিয়ে ভবনের নিচতলায় আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা।
কংগ্রেস ভবনের সামনে পুলিশের সঙ্গে প্রতিবাদকারীদের দাঙ্গা; ৩১ মার্চ, ২০১৭। রয়টার্স
দাঙ্গা পুলিশ কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে ও রবার বুলেট ছুড়ে তাদের প্রতিরোধ করার চেষ্টা করছে।
পরে ফায়ারফাইটাররা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
শনিবার ভোরেও রাজধানীসহ দেশের কয়েকটি জায়গায় বিক্ষোভের খবর পাওয়া গেছে।
পুলিশ জানায়, সরকারি ভবন এবং দোকানে ভাংচুরের অভিযোগে এখন পর্যন্ত প্রায় ২০০ জনকে আটক করা হয়েছে।
বিক্ষোভের সময় বেশ কয়েকজন রাজনীতিক ও সাংবাদিক আহত হয়েছেন বলে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনগুলোতে বলা হয়েছে। দাঙ্গায় অনেক পুলিশও আহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী টাডেও রোজাস।
শুক্রবার সকালে এক বিশেষ অধিবেশনে সিনেট ফ্লোরকে এড়িয়ে কংগ্রেসের একটি রুদ্ধদ্বার কার্যালয়ে সিনেটের ওই ভোটাভুটি হয়। প্রস্তাবটি পাশ হতে উচ্চ কক্ষের ৪৫ সদস্যের মধ্যে অন্তত ২৩ জনের সমর্থন প্রয়োজন ছিল, পক্ষে ভোট পড়েছে ২৫টি।
তবে সংবিধান পরিবর্তনের জন্য প্রতিনিধি পরিষদেরও অনুমোদন লাগবে।
১৯৮৯ সালে নিষ্ঠুর এক একনায়কতন্ত্রের পতনের পর ১৯৯২ সালে প্রণয়ণ করা সংবিধানে প্রেসিডেন্টের পুনঃনির্বাচনের সুযোগ রহিত করা হয়।
প্রতিবাদকারীদের দমাতে পুলিশ কাঁদুনে গ্যাস ও রবার বুলেট ব্যবহার করে; ৩১ মার্চ, ২০১৭। রয়টার্স
বিরোধীদল প্রোগ্রেসিভ ডেমোক্র্যাটিক পার্টির নেতা সিনেটর ডেসিরি মাসি বলেছেন, “একটি ক্যু করা হয়েছে। আমরা প্রতিরোধ করবো এবং আমাদের সঙ্গে প্রতিরোধে অংশ নেয়ার জন্য জনগণকে আমন্ত্রণ জানাচ্ছি।”
অপরদিকে প্রেসিডেন্ট কার্তেস বলেছেন, “গণতন্ত্রকে সহিংসতা দিয়ে জয় করা বা পরাজিত করা যায় না। আপনারা নিশ্চিত থাকতে পারেন, প্রজাতন্ত্রে শৃঙ্খলা বজায় রাখার জন্য সরকার সম্ভাব্য সব কিছুই করে যাবে।”
দাঙ্গায় মোট কতোজন হতাহত হয়েছে তা জানা যায়নি। কংগ্রেস ভবনে আগুন ছড়িয়ে পড়ার সময় ভিতরে বেশ কিছু লোক ছিল। টেলিভিশন ফুটেজে দেখা গেছে, কংগ্রেস ভবনের প্রথম তলায় লাগা আগুন নেভানোর জন্য দমকল কর্মীরা হেঁটে সেদিকে যাচ্ছেন।
