যুক্তরাজ্যের সঙ্গে আগাম বাণিজ্য আলোচনা নাকচ ইইউ’র
ব্রেক্সিট প্রক্রিয়ায় অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ না হলে মুক্ত বাণিজ্য নিয়ে যুক্তরাজ্যের সঙ্গে আলোচনা শুরু করবে না ইউরোপীয় ইউনিয়ন।
ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক শুক্রবার ইইউ থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়া অর্থাৎ, ব্রেক্সিট প্রক্রিয়া নিয়ে আলোচনার খসড়া নির্দেশাবলী প্রকাশ করে এ বিষয়টি পরিষ্কার জানিয়ে দিয়েছেন।
খসড়াটি ইইউ এর বাকী ২৭ সদস্যর কাছে পাঠানো হয়েছে। এটিতে এখন তাদের অনুমোদন লাগবে বলে জানিয়েছে বিবিসি।
ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মে বাণিজ্যসহ সব গুরুত্বপূর্ণ বিষয় নিয়েই একসঙ্গে সমানতালে আলোচনা চালানোর অনুরোধ জানিয়েছিলেন ইইউ কে পাঠানো চিঠিতে। কিন্তু টাস্ক তা নাকচ করে বাণিজ্য আলোচনাকে রেখেছেন কয়েকটি বিষয়ের পরে।
বাণিজ্য আলোচনা শুরুর আগে প্রথম ধাপে অন্য চারটি বিষয় নিয়ে আলোচনায় অগ্রগতি চান টাস্ক। এগুলো হচ্ছে,
. ব্রিটেনে ইইউ নাগরিক এবং অন্যান্য ইইউ দেশে ব্রিটিশ নাগরিকদের অধিকার রক্ষা
. অর্থনৈতিক প্রতিশ্রুতি এবং দায়বদ্ধতার ভিত্তিতে ব্রিটেনের ব্রেক্সিট বিল তৈরি করা
. ব্যবসায় এবং বিভিন্ন প্রতিষ্ঠানে অনিশ্চয়তা এড়াতে পরিষ্কার একটি আইনি কর্মকাঠামো গড়ে তোলা
. ইইউভুক্ত আয়ারল্যান্ড রিপাবলিক এবং যুক্তরাজ্যের অধীন উত্তর আয়ারল্যান্ডের মধ্যকার উন্মুক্ত সীমানা রক্ষার ব্যবস্থা।
এ বিষয়গুলো নিয়ে আলোচনায় ‘যথেষ্ট অগ্রগতি’ হলেই কেবল যুক্তরাজ্যের সঙ্গে ভবিষ্যৎ সম্পর্কের কর্মকাঠামো নিয়ে আলোচনা হতে পারে বলে জানান টাস্ক।
