মার্কিন নির্বাচনেই থেমে থাকেনি রাশিয়ার হস্তক্ষেপ
যুক্তরাষ্ট্রের রাজনীতিতে রাশিয়ার হস্তক্ষেপ চলেছে নির্বাচনের পরও। মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ নিয়ে সিনেট কমিটির শুনানিতে বেরিয়ে এসেছে এমন তথ্য।
হাউজ স্পিকার পল রায়ান এবং সিনেটর মার্কো রুবিওর মত বিশিষ্ট রিপাবলিকানরাও সামাজিক যোগাযোগ মাধ্যমে সমন্বিত হামলার লক্ষ্য হয়েছেন বলে বৃহস্পতিবার সিনেট কমিটিতে জানিয়েছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক প্রাথমিক বিরোধী প্রার্থী মার্কো রুবিও রুশ হস্তক্ষেপ সম্পর্কে সিনেট গোয়েন্দা কমিটির শুনানিতে বলেছেন, গতবছর নির্বাচনের সময় তার প্রচারণা শিবিরের তৎকালীন কর্মী দু’বার হ্যাকারদের টার্গেট হয়েছিলেন। সাইবার হামলা হয়েছিল রাশিয়ার আইপি এড্রেস সম্বলিত কম্পিউটার থেকে।
রুবিও জানান, একটি সাইবার হামলা হয় গত বছর জুলাইয়ে, যখন তিনি সিনেটের জন্য নির্বাচনে প্রার্থিতা ঘোষণা করেছিলেন। আর আরেকটি হামলা হয়েছে গত বুধবার সকালে।
রুবিও বলেন, “আমার নির্বাচনী প্রচার শিবিরের সাবেক সদস্যরা যারা প্রচারাভিযানের ভেতরকার খবর জানে তাদেরকে রাশিয়ার কোনও জায়গার আইপি এড্রেস থেকে সাইবার হামলার টার্গেট করা হয়েছে। তবে সে চেষ্টা সফল হয়নি।”
তিনি আরও বলেন, “আমি কমিটিকে এটিও জানাতে চাই যে, গত ২৪ ঘন্টার মধ্যে গতকাল সকাল ১০ টা ৪৫ এ আবার প্রচার শিবিরের ওই সাবেক সদস্যদের ওপর আরেকটি একই ধরনের হামলার চেষ্টা হয়েছে। এটিও হয়েছে সেই রাশিয়ারই কোনও জায়গার আইপি এড্রেস থেকে। আর এ চেষ্টাটিও সফল হয়নি।”
ট্রাম্পকে সহায়তা করতে রাশিয়ার প্রচারাভিযানের টার্গেট হয়েছিলেন মার্কো রুবিও- এক সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ একথা বলার পর রুবিও সিনেট কমিটিতে ওই মন্তব্য করলেন। যদিও সাবেক এফবিআই এজেন্ট এবং সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ ক্লিনটন ওয়াটস পরবর্তীতে বলেছেন, কেবল রুবিওই নন বরং ট্রাম্পের সব রিপাবলিকার প্রতিদ্বন্দ্বীরাই রাশিয়ার সাইবার হামলার টার্গেট হয়েছেন।
সিনেটরদেরকে ওয়াটস বলেছেন, “এই গত সপ্তাহেই আমরা মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার পল রায়ানকে টার্গেট করে স্যোশাল মিডিয়ায় প্রচার লক্ষ্য করলাম। যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে আরও অস্থিরতা বাড়ানোই যার উদ্দেশ্য।”
কংগ্রেসের সিনেট গোয়েন্দা কমিটির রিপাবলিকান ও ডেমোক্র্যাট নেতারা বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে ২০১৬ সালের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ পুঙ্খানুপুঙ্খভাবে তদন্তে একযোগে কাজ করার অঙ্গীকার করেন। এদিনই অনুষ্ঠিত হয় সিনেট কমিটির প্রথম শুনানি।
