আদিত্যনাথের ‘প্রতিশ্রুতির পর’ ভারতে মাংস বিক্রেতাদের ধর্মঘট প্রত্যাহার
ভারতের উত্তর প্রদেশের প্রধানত মুসলিমদের দ্বারা পরিচালিত লাইসেন্সবিহীন কসাইখানা বন্ধ করা হবে না বা হামলা চালানো হবে না, রাজ্য সরকারের এমন প্রতিশ্রুতির পর দেশজুড়ে ধর্মঘট প্রত্যাহার করেছেন মাংস বিক্রেতারা।
মুসলিম অল ইন্ডিয়া জামিয়াতুল কোরেশের সাধারণ সম্পাদক চৌধুরি আলি উমর কুরেশি উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে বৈঠকের পর বার্তা সংস্থা রয়টার্সকে ধর্মঘট প্রত্যাহারের কথা জানান।
“সরকার আমাদের যেকোনো ধরনের বিধিবহির্ভূত বা অন্যায্য উৎখাত থেকে রক্ষার প্রতিশ্রুতিও দিয়েছে।”
১৮ মার্চ উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরপরই কট্টর হিন্দুত্ববাদী নেতা আদিত্যনাথ যত দ্রুত সম্ভব লাইসেন্সবিহীন কসাইখানা বন্ধ করে দেওয়ার ঘোষণা দেন।
ভারতের অন্যান্য রাজ্যেও কসাইখানা ও মাংসের দোকান বন্ধ করে দেওয়া শুরু হয়।
হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠান নভরাত্রির উৎসব শেষে আবার মাংস বিক্রি শুরু হবে বলেও জানান উমর কুরেশি।
২৮ মার্চ থেকে শুরু হওয়া নয় দিনের এ উৎসব শেষ হবে ৫ এপ্রিল।
