ইন্দোনেশিয়ায় সাপের পেট থেকে মৃতদেহ উদ্ধার
ইন্দোনেশিয়ায় হারিয়ে যাওয়া একটি মানুষের লাশ উদ্ধার হয়েছে বিশালাকার এক পাইথন সাপের পেট থেকে।
স্থানীয় পুলিশ জানায়, সুলাওয়েসি দ্বীপের পাম অয়েল ক্ষেতে যাওয়ার পথে রোববার আকবর নামের ওই ব্যক্তি নিখোঁজ হন।
২৫ বছর বয়সী আকবরকে খুঁজতেই তল্লাশি চালিয়ে পুলিশ ওই সাপের দেখা পায়। আর সেটিই আকবরকে শিকার করে থাকতে পারে বলে সন্দেহ হয় তাদের।
এরপর প্রায় ৭ মিটার (২৩ ফুট) লম্বা সাপটির পেট কেটে উদ্ধার করা হয় আকবরের লাশ।
এ ধরনের সাপ বিশ্বের দীর্ঘতম সরীসৃপদের অন্যতম এবং এরা শ্বাসরোধ করে শিকারকে হত্যা করে গিলে ফেলে।
তবে পাইথনের এতে বড় মানুষকে গিলে খাওয়ার ঘটনা খুবই বিরল। যদিও মাঝেমধ্যে শিশু বা ছোট প্রাণীদের এসব সাপের পেটে যাওয়ার খবর আসে।
সাপের পেটে যাওয়া আকবর ২৪ ঘণ্টা ধরে নিখোঁজ থাকার পর পশ্চিম সুলাওয়েসি দ্বীপের গ্রামবাসীরা পুলিশকে খবর দেয় বলে বিবিসি’ কে জানিয়েছেন স্থানীয় পুলিশের মুখপাত্র। এরপর পুলিশ তল্লাশি চালিয়ে পাম ক্ষেতের কাছে সাপটিকে খুঁজে পায়।
