২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে গুলিতে তিন কিশোর নিহত

যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঙ্গরাজ্যে দরজা ভেঙে একটি বাড়িতে অবৈধভাবে প্রবেশকারী তিন কিশোর ওই বাড়ির মালিকের ছেলের গুলিতে নিহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2017, 08:26 AM

Updated : 11 Apr 2022, 11:17 PM

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ওয়াগোনার কাউন্টির ব্রোকেন অ্যারোতে এ ঘটনা ঘটে, পুলিশের বরাতে জানিয়েছে এনবিসি নিউজ, বিবিসি।

ওয়াগোনার কাউন্টি শেরিফের ডেপুটি নিক ম্যাহানি এক সংবাদ সম্মেলনে বলেছেন, “তিন অনুপ্রবেশকারী পরনে কালো পোশাক, মুখোশ ও হাতমোজা ছিল।”

অনুপ্রবেশকারীদের একজনের কাছে ছুরি ও আরেকজন আঙ্গুলে পিতলের নাকলস পরে ছিলেন বলে জানিয়েছেন তিনি।

‘আত্মরক্ষার্থে’ বাড়ির মালিকের ২৩ বছর বয়সী ছেলে একটি স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে তাদের গুলি করে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। 

তথাকথিত ‘স্টান্ড ইওর গ্রাউন্ড’ আইনের কারণে গুলিবর্ষণকারীর বিরুদ্ধে সম্ভবত কোনো অভিযোগ আনা হবে না। যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গরাজ্যে প্রচলিত এই আইনানুযায়ী, নাগরিকরা তাদের জীবন হুমকির মুখে মনে করলে আত্মরক্ষার্থে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করতে পারেন।

ম্যাহানি বলেছেন, “এই ঘটনাটি ‘স্টান্ড ইওর গ্রাউন্ডের’ মামলা হতে পারে, তবে নিশ্চিত করে বলার সময় এখনও হয়নি, আমরা সম্ভাব্য সব বিষয়গুলো খতিয়ে দেখছি।”

গুলিবিদ্ধ ওই কিশোরদের মধ্যে দুইজন বাড়িটির রান্নাঘরে এবং অপরজন বাড়িটির থেকে দৌঁড়ে বের হয়ে গাড়িবারান্দায় মারা যান। 

পেছনের একটি স্লাইডিং ডোর ভেঙে ওই তিনজন যখন বাড়িটিতে অনুপ্রবেশ করেন তখন বাড়ির মালিক ও তার প্রাপ্তবয়স্ক ছেলে সেখানেই ছিলেন।

পুলিশ জানিয়েছে, বাড়ির মালিকের ছেলে একটি এআর-১৫ রাইফেল নিয়ে প্রস্তুত হয়ে ছিলেন। সন্দেহভাজন অনুপ্রবেশকারীরা তার সামনে পড়ে গেলে তাদের মধ্যে ‘কথাকাটাকাটি’ হয় এবং তিনি অনুপ্রবেশকারীদের গুলি করেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, ওই বাড়ির বাসিন্দারা অনুপ্রবেশকারীদের চিনতো এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।

নিহত তিনজনের মধ্যে দুজনের বয়স ১৭ বছরের কম এবং অপরজনের ১৮ থেকে ১৯ এর মধ্যে।

এলিজাবেথ ম্যারি রদ্রিগুয়েজ নামের ২১ বছর বয়সী এক তরুণী নিহত তিনজনকে ওই বাড়ির সামনে গাড়ি থেকে নামিয়ে দিয়ে যান। তিনি ব্রোকেন অ্যারো থানায় আত্মসমর্পণ করে নিজের ভূমিকা স্বীকার করেছেন।

তাকে গ্রেপ্তার দেখিয়ে তার বিরুদ্ধে খুন ও সিঁধেল চুরির অভিযোগ আনা হয়েছে। 

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, কিছুদিন যাবৎ ওই এলাকায় ধারাবাহিক সিঁধেল চুরির ঘটনা ঘটছিল।