ইলেক্ট্রনিক্সে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান তুরস্কের
বিমানের কেবিনে মোবাইল থেকে বড় আকারের ইলেকট্রনিক ডিভাইস বহনে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে তুরস্ক।
নিষেধাজ্ঞার তালিকা থেকে তুর্কি এয়ারলাইন্স এবং ইস্তাম্বুলের প্রধান আতাতুর্ক বিমানবন্দর কে বাদ দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের সঙ্গে তুরস্ক আলোচনাও চালাচ্ছে। বৃহস্পতিবার আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র।
যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য মঙ্গলবার নির্দিষ্ট কয়েকটি যাত্রীবাহী ফ্লাইটে ল্যাপটপ বহনে কড়াকড়ি আরোপ করার পাশাপাশি ট্যাবলেট, পোর্টেবল ডিভিডি প্লেয়ার, আইপ্যাড ও ক্যামেরার মতো বড় আকারের ইলেকট্রনিক ডিভাইসও বিমানের মূল কেবিনে নেওয়া নিষিদ্ধ করেছে। সেগুলো ‘চেকড ব্যাগেজে’ দিতে হবে।
সন্ত্রাসীরা ইলেকট্রনিক্স যন্ত্রে লুকানো বোমা ব্যবহার করে উড়োজাহাজে বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা করছে এমন তথ্য আসার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের কর্মকর্তারা সাংবাদিকদের জানিয়েছেন।
