সিরিয়ায় ‘মসজিদে বিমান হামলায় নিহত ৪২’
সিরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলের বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় একটি মসজিদে বিমান হামলায় অন্তত ৪২ জন নিহত হয়েছে।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, বৃহস্পতিবার আলেপ্পো প্রদেশের আল-জিনেহ গ্রামের ওই মসজিদে বিমান হামলার সময় মাগরিবের নামাজ আদায় করতে সেখনে অনেক মুসল্লি জড়ো হয়েছিলেন।
তবে কারা এ হামলা চালিয়েছে তা জানা যায়নি।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, রুশ ও সিরীয় বিমান থেকে ওই এলাকায় নিয়মিত হামলা চালানো হয়। জঙ্গি দমনে মার্কিন বিমান থেকেও সেখানে মাঝেমধ্যে হামলা হয়।
যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে একইদিন ইদলিব প্রদেশে আল কায়দা জঙ্গিদের উপর হামলা চালানোর কথা জানানো হয়েছে।
বিবৃতিতে আল কায়দার বৈঠক চলাকালে ওই হামলায় ‘অনেকে নিহত’ হওয়া দাবিও করা হয়।
তবে বেসামরিক মানুষ নিহতের বিষয়ে সেখানে কিছু বলা হয়নি।
রাশিয়া, তুরস্ক ও ইরানের উদ্যোগে সিরিয়া জুড়ে যুদ্ধবিরতি চললেও সেখানে হামলা অব্যাহত আছে।
এ হামলার মাত্র একদিন আগে রাজধানী দামেস্কে আদালত প্রাঙ্গণে বোমা হামলায় অন্তত ৩১ জন নিহত হয়।
