২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে মাওবাদীদের গুলিতে ১১ পুলিশ নিহত

ভারতের ছত্তিসগড়ে মাওবাদীদের হামলায় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) অন্তত ১১ সদস্য নিহত হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 11 Mar 2017, 04:41 PM

Updated : 11 Apr 2022, 11:10 PM

যদিও ভারত ভিত্তিক সংবাদ মাধ্যম এনডিটিভি নিহতের সংখ্যা ১২ বলে জানিয়েছে।

আঞ্চলিক পুলিশের পক্ষ থেকে বলা হয়, শনিবার ছত্তিসগড়ের সুকমা জেলার বনাঞ্চলে এ হামলায় আরও পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন।

পরে মাওবাদীরা নিহত পুলিশ সদস্যদের অন্তত ১০টি বন্দুক এবং একটি রেডিও সেট নিয়ে গেছে বলেও জানা গেছে।

প্রাদেশিক রাজধানী রাইপুর থেকে ৪০০ কিলোমিটার দূরে অবস্থিত ওই এলাকাটিতে মাওবাদীরা অত্যন্ত সক্রিয়।

পুলিশের মহাপরিদর্শক সুন্দর রাজ পি বার্তা সংস্থা রায়টার্সকে বলেন, “সুকমা জেলার যে এলাকায় হামলা হয়েছে সেখানে সড়ক নির্মাণের কাজ চলছে। নির্মাণ সাইটের নিরাপত্তায় সেখানে প্রায় ১০০ সিআরপিএফ সদস্য মোতায়েন করা হয়েছে।”

টুইটার বার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইউনিয়ন মন্ত্রী রাজনাথ সিং এ হামলার নিন্দা জানান এবং হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।

মোদী টুইটারে বলেন, “রাজনাথ সিং নিজে সুকমার পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।”  

এর আগে ২০১০ সালে ছত্তিসগড় জঙ্গলে মাওবাদীদের পেতে রাখা বোমা ও গুলিতে অন্তত ৭৫ পুলিশ নিহত হয়।