দ. কোরিয়ায় থাড সিস্টেম মোতায়েন করছে যুক্তরাষ্ট্র
জাতিসংঘের নিষেধাজ্ঞা ভেঙে উত্তর কোরিয়ার চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার একদিন পর দক্ষিণ কোরিয়ায় অত্যাধুনিক টার্মিনাল হাই অ্যালটিটুড এরিয়া ডিফেন্স (থাড) ক্ষেপণাস্ত্র-বিধ্বংসী সিস্টেম মোতায়েন শুরু করেছে যুক্তরাষ্ট্র।
সোমবার স্থানীয় সময় সকাল ৭টা ৩৬ মিনিটে চীন সীমান্ত সংলগ্ন তংচ্যাং-রি এলাকা থেকে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয়। চারটি ক্ষেপণাস্ত্রের মধ্যে তিনটি জাপানের জলসীমায় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে গিয়ে পড়ে।
জাপানের রাষ্ট্রীয় টেলিভিশন এনএইচকে জানিয়েছেন, এই ঘটনায় উদ্বিগ্ন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে মঙ্গলবার সকালে ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেন। এ সময় উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র মোকাবেলায় ট্রাম্পকে থাড প্রযুক্তি কাজে লাগানোর অনুরোধ করেন আবে।
দুই নেতা টেলিফোনে আধা ঘন্টা কথা বলার পর দক্ষিণ কোরিয়ায় থাড মোতায়েনের সিদ্ধান্ত হয়।
বিষয়টি নিয়ে দক্ষিণ কোরিয়া অস্থায়ী প্রেসিডেন্ট হওয়াং কাইয়ো-আহন সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্প কথা বলেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রের মোকাবিলায় দক্ষিণ কোরিয়া অবস্থিত মার্কিন ঘাঁটির সৈন্যরা তৃতীয় প্রজন্মের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা প্রযুক্তি থাড স্থাপন শুরু করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্যাসিফিক কমান্ড। আবে ও ট্রাম্পের কথোপকথনের কয়েকঘণ্টা পরই দক্ষিণ কোরিয়ায় মার্কিন ঘাঁটির সৈন্যরা থাড স্থাপন শুরু করে বলে এক বিবৃতিতে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ প্যাসিফিক কমাণ্ডার হ্যারি হারিস।
এই প্রতিরক্ষা প্রযুক্তিটি ২শ কিলোমিটার আওতার মধ্যে প্রায় ১৫০ কিলোমিটার উচ্চতা পর্যন্ত যেকোন ধরনের ক্ষেপণাস্ত্র ভূ-পাতিত করতে পারে।
এর আগে প্রধানমন্ত্রী আবে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপকে ‘উসকানিমূলক’ আখ্যায়িত করে বলেছেন, তার দেশ এ ধরনের কর্মকাণ্ড সহ্য করবে না। জনগণের নিরাপত্তা ও সাগরে নৌযানের যথাযথ সুরক্ষা নিশ্চিত করতে নিরাপত্তা বাহিনীকে তৎপর থাকারও নির্দেশ দিয়েছেন তিনি।
