২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওবামার ‘ক্ষমতার অপব্যবহারের’ তদন্ত চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রে নির্বাচনের মাসখানেক আগে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ফোনে আড়ি পাতার নির্দেশ দিয়েছিলেন বলে অভিযোগ করার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কংগ্রেসকে বিষয়টি তদন্ত করার আহ্বান জানিয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 05 Mar 2017, 09:33 PM

Updated : 11 Apr 2022, 11:07 PM

ওদিকে, ট্রাম্পের প্রেস সেক্রেটারি বলেছেন, নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের বিষয়টি নিয়ে যে তদন্ত চলছে সেখানে নির্বাহী ক্ষমতার অপপ্রয়োগ হয়েছে কিনা সেটিও তদন্ত করে দেখা উচিত।

ট্রাম্প বহু টু্যইটেই তার ফোনে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আড়িপাতার অভিযোগ করেছেন। তবে এর কোনও প্রমাণ তিনি দিতে পারেন নি।

ওবামার মুখপাত্রও বলেছেন, “ওবামা কোনও মার্কিন নাগরিকের ওপর নজরদারির নির্দেশ দেননি।”

নির্বাচনের সময় ট্রাম্পের প্রচারশিবিরের সমর্থনে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্তের মুখে থাকা প্রেসিডেন্ট ট্রাম্প শনিবার ওবামার বিরুদ্ধে ফোনে আড়িপাতার অভিযোগ করেন।

তিনি বলেন, “কতটা নিচে নেমে প্রেসিডেন্ট ওবামা খুবই শুদ্ধ একটি নির্বাচন প্রক্রিয়ার মধ্যে আমার ফোনে আড়িপাতার মত কাজ করলেন। এটা নিক্সন/ওয়াটারগেটে মত। খারাপ (অথবা অসুস্থ) মানুষ!”

ট্রাম্পের এ অভিযোগের পর এর সপক্ষে বিস্তারিত ব্যাখ্যা চেয়েছেন রিপাবলিকান ও ডেমোক্র্যাটরা।

রোববার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সিয়ান স্পেইসার রোববার কয়েকটি ট্যুইট করলেও এ ব্যাপারে কোনও প্রমাণ হাজির করেননি। উপরন্তু তিনি ২০১৬ সালের নির্বাচনে রাশিয়ার কর্মকাণ্ড নিয়ে চলা তদন্তকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে ইঙ্গিত করেন।

 কয়েকটি টুইটে তিনি বলেন, রুশ হস্তক্ষেপ নিয়ে চলা তদন্তের আওতায় নির্বাচনের সময়টিতে নির্বাহী শাখার তদন্তমূলক ক্ষমতার কোনও অপব্যবহার হয়েছে কিনা-কংগ্রেসের গোয়েন্দা কমিটিকে তা তাদের ক্ষমতাবলে খতিয়ে দেখার অনুরোধ করেছেন ট্রাম্প।

এ বিষয়টি যাচাই করে না দেখা পর্যন্ত হোয়াইট হাউস কিংবা প্রেসিডেন্ট ট্রাম্প কেউই আর কোনও মন্তব্য করবেন না বলে জানান স্পাইসার।