ন্যামের মৃত্যু ‘রাসায়নিক অস্ত্রে’: মালয়েশিয়া
উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের সৎভাই কিম জং ন্যাম ‘ভিএক্স নার্ভ এজেন্ট’ নামের রাসায়নিক অস্ত্রের বিষক্রিয়ায় মারা গেছেন বলে জানিয়েছে মালয়েশিয়া।
গত সপ্তাহে কুয়ালালামপুর বিমানবন্দরের চেক ইন হলে এক নারী পেছন থেকে জাপটে ধরে ন্যামের মুখে ‘তরল জাতীয় কিছু’ মাখিয়ে দেওয়ার অল্পসময় পর হাসপাতালে মারা যান তিনি।
মালয়েশিয়ার টক্সিকোলজি প্রতিবেদনে বলা হয়েছে, ন্যামের মুখে মাখিয়ে দেওয়া অতি বিষাক্ত এক রাসায়নিক, যারা নাম ‘ভিএক্স নার্ভ এজেন্ট’। জাতিসংঘের তালিকায় এই রাসায়নিক ‘গণবিধ্বংসী অস্ত্র’ হিসেবে চিহ্নিত।
বিবিসি লিখেছে, ন্যামকে খুনের জন্য উত্তর কোরিয়ার সরকারকে সরাসরি দায়ী করছে না মালয়েশিয়া। তবে এর পেছনে উত্তর কোরিয়ার নাগরিকরাই রয়েছে বলে তাদের অভিযোগ।
মালয়েশিয়ার পুলিশ প্রধান খালিদ আবু বকর বৃহস্পতিবার জানান, ন্যামের চোখ ও মুখ থেকে সংগ্রহ করা নমুনাটি যে ‘ভিএক্স নার্ভ এজেন্ট’, সে বিষয়ে তাদের বিশেষজ্ঞরা নিশ্চিত হয়েছেন। আরও কিছু নমুনা পরীক্ষা করে দেখা হচ্ছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রান্ড করপোরেশনের যুদ্ধাস্ত্র বিশেষজ্ঞ ব্রুস বেনেটের বরাত দিয়ে বিবিসি লিখেছে, রঙয়ের দিক দিয়ে স্ফটিক স্বচ্ছ, স্বাদ-গন্ধহীন এই ‘ভিএক্স নার্ভ এজেন্ট’ এতটাই বিষাক্ত যে, সামান্য পরিমাণে এই রাসায়নিক দিয়ে মিনিটের মধ্যে একজনের মৃত্যু ঘটানো সম্ভব।
গত ১৩ ফেব্রুয়ারি ৪৬ বছর বয়সী কিম জং-ন্যাম যখন আক্রান্ত হন, তখন তিনি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে ম্যাকাও যাওয়ার জন্য অপেক্ষা করছিলেন।
জাপানের ফুজি টেলিভিশন গত সপ্তাহে ওই ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ করে। সেখানে এক নারীকে পেছন থেকে ন্যামের মুখ পেঁচিয়ে ধরতে দেখা যায়। সঙ্গে সঙ্গে ন্যাম হুমড়ি খেয়ে পড়লে নারীটি দ্রুত হেঁটে বেরিয়ে যান। পরে হাসপাতালে মারা যান ন্যাম।
ওই হত্যায় জড়িত সন্দেহে উত্তর কোরীয় নাগরিকসহ মোট চারজনকে গ্রেপ্তার করেছে মালয়েশিয়ার পুলিশ। এছাড়া আরও সাতজনকে খুঁজছে তারা।
তাদের মধ্যে একজন কুয়ালালামপুরের উত্তর কোরিয়া দূতাবাসের দ্বিতীয় সেক্রেটারি হায়ন কোয়াং সঙ, আরেকজন উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ব বিমান পরিবহন সংস্থা এয়ার কিরোয়োর কর্মচারী দ্বিতীয় কিম উক। তারা মালয়েশিয়াতেই আছেন বলে পুলিশের ধারণা।
সন্দেহভাজনদের মধ্যে চারজন উত্তর কোরিয়ায় ফিরে গেছেন বলে ধারণা করা হচ্ছে। তাদের পাকড়াও করতে ইন্টারপোলকে সতর্কতা জারিরও অনুরোধ করা হয়েছে বলে মালয়েশিয়ার পুলিশ প্রধান বকর জানান।
হত্যাকাণ্ডের পর থেকে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলে আসছেন, উত্তর কোরিয়ার পাঠানো এজেন্টরাই ন্যামকে হত্যা করেছে বলে তাদের ধারণা।
বিশ্বের যে অল্প কয়েকটি দেশের সঙ্গে উত্তর কোরিয়ার ঘনিষ্ঠতা আছে মালয়েশিয়া তাদের অন্যতম। কিন্তু ন্যামের হত্যাকাণ্ড নিয়ে দেশ দুটির মধ্যে কূটনৈতিক টানাপড়েন তৈরি হয়েছে।
উত্তর কোরিয়ার দূতাবাস ন্যামের মৃতদেহ সরাসরি তাদের কাছে হস্তান্তরের অনুরোধ করেছিল। কিন্তু মালয়েশিয়া কর্তৃপক্ষ ন্যামের নিকট আত্মীয় কারো ডিএনএ নমুনা মিলিয়ে না দেখে মৃতদেহ হস্তান্তর করবে না বলে জানিয়েছে।
এরপর উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ-র এক প্রতিবেদনে অভিযোগ করা হয়, কূটনৈতিক পাসপোর্টধারী কোনো ব্যক্তির ময়নাতদন্ত করে মালয়েশিয়া আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে।
উত্তর কোরিয়ার প্রয়াত সাবেক নেতা কিম জং ইলের বড় ছেলে ন্যামকেই একসময় দেশটির পরবর্তী শাসক বলে ভাবা হত। কিন্তু তার বাবা দেশের ‘পরবর্তী নেতা’ নির্বাচিত করে যান ছোট ছেলে উনকে।
ন্যামের সৎভাই উন ২০১১ সাল থেকে দেশটি শাসন করে আসছেন। আর ন্যাম বেশিরভাগ সময় থাকছিলেন চীনের নিয়ন্ত্রণাধীন ম্যাকাউয়ে। তবে সিঙ্গাপুর ও চীনেও তার যাতায়াত ছিল। উত্তর কোরিয়ার রাষ্ট্রক্ষমতায় ‘পরিবারতন্ত্র’ নিয়ে প্রকাশ্যেই সমালোচনামুখর ছিলেন তিনি।
