২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যাথলিক চার্চে ৪,৪৪০ শিশু নিপীড়নের শিকার

অস্ট্রেলিয়ার ক্যাথলিক চার্চে ধর্মগুরুদের হাতে ৪ হাজার ৪৪০ জনেরও বেশি শিশু শারিরীক এবং যৌন নিপীড়নের শিকার হওয়ার তথ্য বেরিয়ে এসেছে এক তদন্তে। নিপীড়নে জড়িত ছিল দেশের ৭ শতাংশ ক্যাথলিক ধর্মগুরু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউজডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2017, 10:14 PM

Updated : 11 Apr 2022, 10:57 PM

অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রতিষ্ঠানে শিশুদের যৌন নিপীড়নের অভিযোগ তদন্তে গঠিত রয়্যাল কমিশনের শুনানিতে সোমবার এ তথ্য তুলে ধরা হয় বলে জানিয়েছে  বিবিসি।

তদন্ত প্রতিবেদনে বলা হয় ১৯৫০ সাল থেকে ২০১০ সালের মধ্যে ক্যাথলিক ধর্মগুরুরা শিশু নিপীড়ন করেছে। আর ১৯৮০ সাল থেকে ২০১৫ সালের মধ্যে ৪ হাজার ৪৪০ এর বেশি জন নিপীড়নের শিকার হওয়ার দাবি করেছে।

রয়্যাল কমিশন ধর্মীয় প্রতিষ্ঠান ছাড়াও অন্যান্য প্রতিষ্ঠানে যৌন নির্যাতন নিয়ে তদন্ত করছে।

কমিশনের পক্ষ থেকে প্রথমে যাজকদের কাছে নিপীগনের শিকার হওয়াদের জবানবন্দি নেওয়া হয়।

এরকম একজন  জানায়,  সে তার ক্যাথেলিক খ্রিস্টান ব্রাদার শিক্ষকের কাছে শ্রেণীকক্ষে নির্যাতনের শিকার হয়েছে। ওই সময় শ্রেণীকক্ষে থাকা বাকি শিক্ষার্থীদের অন্যদিকে তাকিয়ে থাকার নির্দেশ দেওয়া হয়েছিল।

তদন্তে অন্য একটি ঘটনায় জানা যায়, একজন যাজক একটি মেয়েকে ছুরি হাতে হুমকি দিয়েছেন এবং শিশুদের তার দুই পায়ের মাঝখানে ‘নিলডাউন’ করাতেন।

তদন্ত প্রতিবেদনে বলা হয়, নির্যাতনের শিকার মেয়েদের গড় বয়স সাড়ে ১০ বছর এবং ছেলেদের ক্ষেত্রে সাড়ে ১১ বছর।

কমিশনের প্রধান আইনজীবী গ্যাইল ফারনেস বলেন, অস্ট্রেলিয়া জুড়ে যৌন নিপীড়নের অভিযোগে এক হাজারের বেশি ক্যাথলিক প্রতিষ্ঠান সনাক্ত করা হয়েছে।

তিনি বলেন, “নিপীড়নের ঘটনাগুলো প্রায় একই রকম।”

“শিশুদের অবজ্ঞা করা হয়েছে বা শাস্তি দেওয়া হয়েছে। এমনকি সেইসব অভিযোগ নিয়ে কোনও তদন্ত হয়নি এবং যাজক ও ধর্মীয় ব্যক্তিরা নিজেদের পথে এগিয়ে গেছে। গির্জার প্রশাসন বা সমাজ তাদের অতীত সম্পর্কে কিছুই জানতে পারেনি।”