২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

করাচিতে আফগান কন্স্যুলেটে রক্ষীর গুলিতে সচিব নিহত

পাকিস্তানের বৃহত্তম নগরী করাচির পুরনো ক্লিফটন এলাকায় আফগানিস্তানের কন্স্যুলেটে বেসরকারী এক নিরাপত্তা রক্ষীর গুলিতে কন্স্যুলেটের তৃতীয় সচিব জাকি আদু নিহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2017, 02:54 PM

Updated : 11 Apr 2022, 10:57 PM

সোমবার কন্স্যুলেটের লবিতে ওই দুজনের কথা কাটকাটির এক পর্যায়ে নিরাপত্তা রক্ষী হায়াতুল্লাহর আদুকে লক্ষ্য করে গুলি ছোড়েন, করাচি (দক্ষিণ) পুলিশের উপ-মহাপরিদর্শক আজাদ খানের বরাতে জানিয়েছে দ্য ডন।

ঘটনার পর আফগান নাগরিক হায়াতুল্লাহকে গ্রেপ্তার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন তিনি। ঘটনাটিকে সন্ত্রাসী তৎপরতা বলে মনে করা হচ্ছে না বলেও জানিয়েছেন খান।

“এই ঘটনা তদন্তে আমরা সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ করছি এবং সিসিটিভির ফুটেজও সংগ্রহ করবো,” বলেছেন এই পুলিশ কর্মকর্তা।

করাচির পুরনো ক্লিফটন এলাকায় বেশ কয়েকটি বিদেশি মিশনের দপ্তর রয়েছে। ঘটনার পর অত্যন্ত স্পর্শকাতর এই এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ ও পাকিস্তান রেঞ্জার্সের সদস্যরা।