স্থগিতাদেশ ওঠাতে আপিলে যাচ্ছে ট্রাম্প প্রশাসন
সাতটি মুসলিম প্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা সাময়িকভাবে স্থগিত করা আদালতের আদেশের বিরুদ্ধে আপিল করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ।
শনিবার রাতে বিচার বিভাগ একটি নোটিশ দাখিলের মাধ্যমে আদালতের আদেশের বিরুদ্ধে আপিলের আবেদন করেছে।
এই আপিলে বিচার বিভাগের জয় হবে বলে মন্তব্য করেছেন নিষেধাজ্ঞার নিবার্হী আদেশ দেওয়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ফ্লোরিডার পাম বিচে নিজের ব্যক্তিগত মার-আ-লাগো অবকাশযাপন কেন্দ্রে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমরা জয়ী হব। দেশের নিরাপত্তার স্বার্থেই আমরা জয়ী হব।”
তবে কখন যুক্তরাষ্ট্রের নাইনথ সার্কিট আপিল আদালতে আপিলটি করা হবে বিচার বিভাগ তা জানায়নি।
শুক্রবার সিয়াটলের ফেডারেল আদালতের বিচারক জেমস রবার্ট সাতটি মুসলিম প্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা সাময়িকভাবে স্থগিত করার আদেশ দেন। তার এই আদেশে যুক্তরাষ্ট্রে শরণার্থী প্রবেশে ট্রাম্পের জারি করা নিষেধাজ্ঞার আদেশও স্থগিত হয়।
ট্রাম্পের আদেশের সাংবিধানিক বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন বিচারক রবার্ট।
এতে ক্ষুব্ধ ট্রাম্প বিচারক রবার্টকে ‘তথাকথিত’বিচারক আখ্যায়িত করে বলেন, “তথাকথিত ওই বিচারকের মতামত, যা প্রাথমিকভাবে আমাদের দেশ থেকে আইন প্রয়োগকে দূরে সরিয়ে রেখেছে, তা হাস্যকর এবং এটা উল্টে যাবে!”
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ বিচারক রবার্টকে ফেডারেল আদালতে নিয়োগ দিয়েছিলেন।
আদালতের আদেশে ট্রাম্পের নির্বাহী আদেশ স্থগিত হওয়ার পর এসব আদেশে বাস্তবায়নে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছিল সেগুলো বন্ধ করার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ।
নিষেধাজ্ঞা স্থগিত হওয়ার পর শরণার্থী ও ইরান, ইরাক, লিবিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া ও ইয়েমেনের কয়েক হাজার ভ্রমণকারী যুক্তরাষ্ট্রগামী ফ্লাইটগুলোতে উঠে পড়েন।
সিয়াটলের ফেডারেল আদালতের বিচারক রবার্টের প্রতি ট্রাম্পের ব্যক্তিগত আক্রমণে হোয়াইট হাউস ও যুক্তরাষ্ট্র কংগ্রেসের ক্ষমতা নিয়ন্ত্রণের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত ফেডারেল আদালতের সম্মান ক্ষুণ্ণ হয়েছে বলে মনে করছেন কোন কোন বিশ্লেষক।
