সবজি সংকটে যুক্তরাজ্যের সুপারমার্কেটে রেশনিং
বাজে আব্হাওয়ার কারণে ইউরোপজুড়ে ফলন কমে যাওয়ায় যুক্তরাজ্যের সুপারমার্কেটগুলোতে সবুজ সবজির সংকট দেখা দিয়েছে।
বিবিসি জানিয়েছে, সরবরাহে ঘাটতির কারণে সুপারমার্কেট জায়ান্ট টেসকো এরইমধ্যে যুক্তরাজ্যে তাদের দোকানগুলোতে আইসবার্গ লেটুসের রেশনিং শুরু করেছে।
এর ফলে কোনো ক্রেতা টেসলার সুপারমার্কেটে প্রতিবারে তিনটির বেশি লেটুস কিনতে পারছেন না।
টেসকো জানিয়েছে, বিরূপ আবহাওয়ার কারণে ইউরোপে, বিশেষ করে স্পেনে সবজির মজুদে ঘাটতি দেখা দিয়েছে। তবে তারা সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
সুপারমার্কেট চেইন মরিসনসও তাদের দোকানে প্রতিবারে সর্বোচ্চ তিনটি ব্রকলি ও আইসবার্গ লেটুস কেনার সীমা বেঁধে দিয়েছে বলে ডেইলি মেইল জানিয়েছে।
বিবিসি বলছে, দক্ষিণ ইউরোপে ভেজা ও ঠাণ্ডা আবহাওয়ার কারণে গত মাসে কোরজেটের ঘাটতির পর সুপারমার্কেটগুলোতে এবার লেটুস ও ব্রকলির এ সংকট দেখা গেল।
সুপারমার্কেটগুলোতে বেগুন, টমেটো ও কাঁচামরিচের সরবরাহেও ঘাটতির কথা বলা হচ্ছে।
যুক্তরাজ্যের ক্রেতারা সামাজিক যোগাযোগের মাধ্যমে টেসকোর দোকানগুলোতে লেটুসের খালি তাকের ছবি পোস্ট করছেন। সেইসঙ্গে লেটুসের রেশনিং নিয়ে নোটিসের ছবিও দিচ্ছেন।
ডেইলি মেইলকেও একই কথা বলেছেন মরিসনসের মুখপাত্র। তার ভাষ্য, স্থানীয় ব্যবসায়ী ও রেস্তোরাঁগুলো যাতে সব সবজি একবারে কিনে ফেলার চেষ্টা করতে না পারে সেজন্যই তারা এ ব্যবস্থা নিয়েছেন।
যুক্তরাজ্যের দ্বিতীয় বৃহৎ সুপারমার্কেট চেইন সেইনসবুরিও জানিয়েছে, তারা গ্রাহকদের চাহিদা অনুযায়ী সবজি সরবরাহে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
ব্রিটিশ লিফি সালাদ অ্যাসোসিয়েশনের ডিয়েটার লয়েড বিবিসিকে বলেছেন, গত বছরের শেষ দিকে বন্যায় স্পেনে সবজির ফলনের ভয়াবহ ক্ষতি হয়। ফসলের ক্ষেতগুলো থেকে পানি পুরোপুরি না সরায় নতুন করে সবজি চাষ কঠিন হয়ে পড়েছে।
এরপর জানুয়ারিতে তুলনামূলক বেশি ঠাণ্ডা পড়ার কারণেও কৃষকরা সেখানে নতুন করে আবাদ করতে পারছেন না বলে জানিয়েছে বিবিসি।
ফল ও সবজির পাইকারি বিক্রেতা নিক পেডলি বিবিসিকে জানিয়েছেন, গত ছয় থেকে আট সপ্তাহ ধরে স্পেন থেকে কিছুই আসছে না। ফলে যুক্তরাজ্যের বিক্রেতারা ক্যালিফোর্নিয়া থেকে লেটুস আনতে বাধ্য হচ্ছেন বেশি দাম দিয়ে।
স্পেনের ফল ও সবজি উৎপাকদের সংগঠন এফইপিইএক্স বলছে, লেটুস, পালংশাকসহ পাতাযুক্ত সবজির উৎপাদন এপ্রিল নাগাদ স্বাভাবিক হতে পারে বলে তারা আশা করছেন।
তারা বলছে, এখন তাদের উৎপাদন স্বাভাবিকের চেয়ে ৪০ শতাংশ কম। আবহাওয়া অনুকূলে থাকলে আগামীতে পরিস্থিতির উন্নতি হতে পারে।
বিবিসি লিখেছে, শীতকালে ইউরোপের সবজির চাহিদার ৮০ শতাংশের যোগান দেয় স্পেন। গত বছরের শেষ দিকে অতিবৃষ্টি আর বন্যায় সেখানে ৭০ শতাংশ ক্ষেতের ফসল নষ্ট হয়ে যায়।
