২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞাকে নিরাপদ ভাবে মাত্র এক-তৃতীয়াংশ মার্কিনি

এক-তৃতীয়াংশেরও কম আমেরিকান নাগরিক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা ভ্রমণ নিষেধাজ্ঞায় নিজেদের আগের চেয়ে বেশি নিরাপদ মনে করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2017, 07:10 PM

Updated : 11 Apr 2022, 10:55 PM

রয়টার্স/ইপসোস পরিচালিত এক জনমত জরিপে এ তথ্য উঠে এসেছে। মঙ্গলবার  জরিপের ফলা প্রকাশ পায়।

যুক্তরাষ্ট্র থেকে সন্ত্রাস দূরে রাখার কথা বলে মুসলিম অধ্যুষিত সাত দেশ ইরাক, ইরান, সিরিয়া, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেনের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে ৯০ দিনের নিষেধাজ্ঞা আরোপ করেছেন ট্রাম্প।

গত শুক্রবার সই করা ওই নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রে শরণার্থী প্রবেশের উপরও ১২০ দিনের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আর সিরিয়ার শরণার্থীদের জন্য পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত ওই আদেশ বলবৎ  থাকবে। যুক্তরাষ্ট্রের দ্বৈত-নাগরিক ও গ্রিন কার্ড হোল্ডাররাও (স্থায়ীভাবে বসবাসের অনুমতি) ট্রাম্পের নির্বাহী আদেশের আওতায় পড়েছেন।

৩০ ও  ৩১ জানুয়ারিতে এ জরিপ চালানো হয়।

জরিপে অংশ গ্রহণকারী ৩১ শতাংশ মার্কিনি ট্রাম্পের নিষেধাজ্ঞায় নিজেদেরকে আগের চেয়ে ‘আরও নিরাপদ’ বোধ করছেন বলে জানান।

অন্যদিকে, ২৬ শতাংশ ‘আরও অনিরাপদ’ বোধ করছেন বলে মত দেন। ৩৩ শতাংশ বলেন, তারা কোনও পার্থক্য খুঁজে পাচ্ছেন না এবং বাকীরা এখনও বিষয়টি বুঝতে পারছেন না।

ট্রাম্পের নির্বাহী আদেশের পরপরই বিশ্বজুড়ে বিমানবন্দরগুলোতে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।

দেশ এবং দেশের বাইরে ট্রাম্পের তীব্র সমালোচনা ছাড়াও কয়েক জায়গায় এ আদেশের বিরুদ্ধে বিক্ষোভের খবরও পাওয়া গেছে।

ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির আইনপ্রণেতারাও এ আদেশের সমালোচনা করেছেন। তাদের আশঙ্কা, উল্টা প্রভাব হিসেবে জঙ্গি সংগঠনগুলো এ আদেশ কাজে লাগিয়ে নতুন লোক দলে ভেড়াবে।

অ্যারিজোনার সিনেটর জন ম্যাককেইন এবং সাউথ ক্যারোলিনার লিন্ডসে গ্রাহাম এক যৌথ বিবৃতিতে বলেন, “এ নির্বাহী আদেশ এ বার্তাই প্রকাশ করে যে আমেরিকানরা তাদের দেশে মুসলিমদের প্রবেশ করতে দিতে চায় না।”