ফিলিপিন্সে মাদকবিরোধী হত্যাগুলো ‘পরিকল্পিত’
ফিলিপিন্সের বিতর্কিত মাদকবিরোধী অভিযানে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডগুলোর জন্য দেশটির পুলিশ বাহিনীকে দায়ী করেছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
বিবিসি বলছে, পুলিশ বাহিনীর এসব হত্যাকাণ্ড ‘পদ্ধতিগতভাবে পরিকল্পিত’ বলে অভিযোগ করেছে মানবাধিকার সংস্থাটি।
এই হত্যাকাণ্ডগুলো ‘মানবতাবিরোধী অপরাধ’ হতে পারে বলে এক প্রতিবেদনে বলেছে অ্যামনেস্টি।
জুলাইয়ে ফিলিপিন্সের প্রেসিডেন্ট রদরিগো দুতের্তে মাদক বাণিজ্যের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণার পর থেকে এ পর্যন্ত সাত হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন।
মাত্র ছয়মাসে এত মানুষ নিহত হলেও দুতের্তে সবসময় অভিযানের পক্ষে কথা বলেছেন। সন্দেহভাজনরা হুমকি হয়ে উঠলেই কেবল পুলিশ গুলি করতে পারবে, এমনটিই অনুমোদন করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
যার নিহত হয়েছেন তারা গ্রেপ্তার ঠেকানোর চেষ্টা করতে গিয়েই হত্যার শিকার হয়েছেন বলে দাবি করে আসছে ফিলিপিন্সের পুলিশ।
স্বাধীন তদন্ত ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যের ভিত্তিতে তৈরি করা প্রতিবেদনে এসব দাবির সঙ্গে দ্বিমত প্রকাশ করেছে অ্যামনেস্টি।
সংস্থাটি বলছে, “ইচ্ছাকৃতভাবে কথিত মাদক অপরাধীদের হত্যাকাণ্ড গভীর উদ্বেগের বিষয়; এগুলোকে পদ্ধতিগত, পরিকল্পিত এবং কর্তৃপক্ষের মাধ্যমে সংঘটিত বলে প্রতিভাত হয়েছে।
“পুলিশ কর্মকর্তারা নিয়মিতভাবে মধ্যরাতে দরজা ভেঙে ঢুকে নিরস্ত্র সন্দেহভাজন মাদক ব্যবহারকারী ও বিক্রেতাদের ঠাণ্ডা মাথায় হত্যা করেছে।”
“অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সংগ্রহ করা সাক্ষ্যপ্রমাণে দেখা গেছে, প্রত্যক্ষদর্শীদের বর্ণনামতে কয়েকটি ঘটনায় কথিত মাদক অপরাধীরা চিৎকার করে আর্ত্মসমর্পণ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন, এ সময় তাদের অনেকে হাঁটু মোড়ানো অবস্থায় ছিলেন। তারপরও তাদের গুলি করে মারা হয়েছে।”
‘তাদের কৃতকর্ম’ আড়াল করার জন্য কর্মকর্তারা মিথ্যা প্রতিবেদন তৈরি করে সাক্ষ্যপ্রমাণ বানিয়ে নিয়েছে বলেও জানিয়েছে অ্যামনেস্টি।
এসব হত্যাকাণ্ডের জন্য আর্থিক প্রণোদনাও দেওয়া হয়েছে, এমন ধারণাও পাওয়া গেছে বলে জানিয়েছে অ্যামনেস্টি।
অ্যামনেস্টির এই প্রতিবেদনের বিষয়ে ফিলিপিন্স সরকার কোনো প্রতিক্রিয়া জানায়নি।
