৮৭২ শরণার্থী প্রবেশের অনুমতি দেবে ট্রাম্প প্রশাসন
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রে শরণার্থী প্রবেশে চার মাসের নিষেধাজ্ঞা জারি থাকলেও এ সপ্তাহে ৮৭২ জন শরণার্থীকে প্রবেশের অনুমতি দেবে মার্কিন প্রশাসন।
যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের একটি নথির ভিত্তিতে রয়টার্স এ খবর দিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ‘ডিপার্টমেন্টে অব হোমল্যান্ড সিকিউরিটি’র (ডিএইচএস) এক কর্মকর্তাও বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার আগেই ওই শরণার্থীদের পুনর্বাসনের আবেদন মঞ্জুর করা হয়েছিল। সেকারণে তাদেরকে ‘যাত্রা পথে’ রয়েছেন হিসেবে দেখা হচ্ছে।
তবে এ শরণার্থীরা কোন দেশের নাগরিক তা ডিএইচএস এর নথিতে উল্লেখ নেই এবং নতুন করে আর কারও আবেদন মঞ্জুর করা হবে কিনা তাও জানা যায়নি বলে জানান ওই কর্মকর্তা।
রয়টার্স জানায়, হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এবং পররাষ্ট্র মন্ত্রণালয় শরণার্থীদের আবেদন মঞ্জুর করেছে। গত সপ্তাহান্তে ট্রাম্পের নির্বাহী আদেশের বিরুদ্ধে বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর এ পদক্ষেপ নেওয়া হয়।
যুক্তরাষ্ট্রমুখী অভিবাসন সীমিত করতে গত শুক্রবার ট্রাম্পের সই করা আদেশ অনুযায়ী, আগামী চার মাস কোনও শরণার্থী যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ পাবে না। সিরীয় শরণার্থীদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত।
ওই আদেশে মুসলিম অধ্যুষিত সাত দেশ ইরাক, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেনের নাগরিকদের উপর ৯০ দিনের ভ্রমণ নিষেধাজ্ঞাও জারি করা হয়।
দ্বৈত-নাগরিক এবং গ্রিনকার্ড হোল্ডাররাও (যুক্তরাষ্ট্রে বৈধভাবে বসবাসের অনুমতি) এই আদেশের আওতায় বলে জানায় যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট।
ট্রাম্পের আদেশের পরপরই বৈধ ভিসা থাকার পরও বিশ্বের বিভিন্ন বিমানবন্দরে উপরের সাত দেশের নাগরিকদের আটকে দেওয়া শুরু হয়।
যা নিয়ে তীব্র সমালোচনা এবং বিক্ষোভ হয়।
পরে আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়নের (এসিএলইউ) করা এক আবেদনে নিউ ইয়র্কের ব্রুকলিন ফেডারেল আদালত শনিবার যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিমানবন্দর থেকে নিষেধাজ্ঞার আওতায় পড়া ব্যক্তিদের ফেরত পাঠানোর কাজে স্থগিতাদেশ দেয়।
ডিএইচএস-র তথ্য অনুযায়ী, শুক্রবার বিকাল থেকে সোমবার সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের বৈধ ভিসা থাকার পরও ৩৪৮ জনকে যুক্তরাষ্ট্রগামী উড়োজাহাজে উঠতে দেওয়া হয়নি। আর যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিমানবন্দরে পৌঁছানোর পরও কর্তৃপক্ষ দুই শতাধিক যাত্রীকে বিমানবন্দর ত্যাগ করতে দেয়নি।
এছাড়া, বিমানবন্দর থেকে জিজ্ঞাসাবাদের জন্য ৭৩৫ জনের বেশি মানুষকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। যাদের মধ্যে, ৩৯৪ জনের কাছে যুক্তরাষ্ট্রের বসবাসের বৈধ অনুমতিপত্র রয়েছে।
ডিএইচএস এর পক্ষ থেকে রোববার রাতে বলা হয়, গ্রিন কার্ড হোল্ডাররা যুক্তরাষ্ট্রগামী বিমানে উঠতে পারবে। তবে তাদের বাড়তি তল্লাশির মধ্য দিয়ে যেতে হবে।
এছাড়া, ব্যক্তি ধরে ধরে অনুসন্ধানের পর নিষিদ্ধ ঘোষিত সাত দেশের নাগরিকদেরও যুক্তরাষ্ট্র প্রবেশ করতে দেওয়া হবে।
