ট্রাম্পের নিষেধাজ্ঞায় আসতে পারে ‘পাকিস্তানের মত’ দেশও
যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় ভবিষ্যতে পাকিস্তানসহ অন্যান্য দেশের নাম আসতে পারে বলে জানিয়েছেন হোয়াইট হাউজের চিফ অব স্টাফ রেইন্স পাইবাস।
‘একস্ট্রিম ভেটিং মেজার্স’ এর কথা বলে শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নির্বাহী আদেশে মুসলিম অধ্যুষিত সাত দেন ইরাক, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেনের নাগরিকদের উপর ৯০ দিনের ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেন।
ট্রাম্পের ওই আদেশের ব্যাখ্যায় সিবিএস নিউজকে রোববার দেওয়া এক সাক্ষাৎকারে পাইবাস বলেন, “আপনারা পাকিস্তান বা অন্যান্য দেশ যাদের একই ধরণের সমস্যা আছে তাদের দিকে আঙ্গুল তুলতে পারেন। হয়ত ভবিষ্যতে ওই সব দেশের বিষয়েও আমাদের সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন পড়বে।”
“কিন্তু এই মুহূর্তের জন্য, তাৎক্ষণিক পদক্ষেপ হিসেবে ওইসব দেশের নাগরিকদের কড়া নিরাপত্তা তল্লাশির মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে হবে বা বেরতে হবে।”
প্রেসিডেন্ট ট্রাম্প শুধুমাত্র নির্বাচনী প্রচারের সময় দেওয়া প্রতিশ্রুতি পালন করছেন এবং অভিবাসন নিয়ে তিনি কোনো ‘ভুল সিদ্ধান্ত নিতে চান না’ বলেও মন্তব্য করেছেন পাইবাস।
তিনি বলেন, “সজাগ থাকতে এবং আমেরিকানদের নিরাপদ রাখতে আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে।”
প্রাথমিকভাবে ওই সাত দেশ বেছে নেওয়ার কারণ ব্যাখ্যায় পাইবাস বলেন, “এটা মুসলিমদের উপর নিষেধাজ্ঞা নয়।”
“আমরা যে সাতটি দেশকে বেছে নিয়েছি; কংগ্রেস এবং ওবামা প্রশাসনও ওই সাতটি দেশকে সবচেয়ে বিপদজনক সন্ত্রাসীদের আশ্রয়স্থল বলে শনাক্ত করে গেছে।”
