ইয়েমেন উপকূলে সৌদি যুদ্ধজাহাজে হামলায় নিহত ২
ইয়েমেনের পশ্চিম উপকূলে সৌদি আরবের একটি যুদ্ধজাহাজে হুতি বিদ্রোহীদের হামলায় দুইজন নিহত হয়েছেন।
সোমবার তিনটি নৌকা দিয়ে গিয়ে সৌদি যুদ্ধজাহাজটিতে হামলা করে হুতি যোদ্ধারা, এতে জাহাজটিতে একটি বিস্ফোরণ ঘটে।
এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ।
ওই প্রতিবেদনে প্রকাশিত এক বিবৃতিতে ইয়েমেনে যুদ্ধরত সৌদি নেতৃত্বাধীন আরব জোট বাহিনী বলেছে, “হোদেইদাহ বন্দরের পশ্চিমে একটি সৌদি ফ্রিগেট টহল দিচ্ছিল। এ সময় হুতি মিলিশিয়াদের তিনটি আত্মঘাতী নৌকা ফ্রিগেটটিতে হামলা চালায়।”
একটি নৌকা ফ্রিগেটটির পেছনে আঘাত করার সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়, এতে যুদ্ধ-জাহাজটির দুজন ক্রু সদস্য নিহত হন বলে বিবৃতিতে বলা হয়েছে। বিবৃতিতে নিহতদের জাতীয়তা প্রকাশ করা হয়নি।
আহত অপর তিনজনের অবস্থা স্থিতিশীল রয়েছে। জাহাজটিতে লাগা আগুন নিভিয়ে ফেলা হয়েছে। গত ছয়মাসে ইয়েমেন উপকূলে জাহাজে চালানো এটি তৃতীয় হামলা।
ইয়েমেনের রাজধানী সানা নিয়ন্ত্রণকারী হুতি গোষ্ঠী হামলার দায় স্বীকার করেছে।
হুতি বিদ্রোহীদের পরিচালিত বার্তা সংস্থা সাবার প্রতিবেদনে ইয়েমেনি এক সামরিক কর্মকর্তা বলেছেন, “পশ্চিমাঞ্চলীয় উপকূলীয় শহরগুলো ও ইয়েমেনি জেলেদের বিরুদ্ধে চালানো আগ্রাসনে সৌদি যুদ্ধজাহাজটি যুক্ত ছিল।”
এর আগে সোমবার সকালে সীমান্তের ওপারের ইয়েমেনি ভূখণ্ড থেকে ছোড়া রকেটে দক্ষিণ সৌদি আরবে জাতিসংঘের কর্মীদের ব্যবহৃত একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়। ইয়েমেনের যুদ্ধবিরতি লঙ্ঘন পর্যবেক্ষণকারী জাতিসংঘ কর্মীরা ভবনটি ব্যবহার করতেন বলে জানা গেছে।
