২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাম্পকে ঠেকাতে যুক্তরাজ‌্যে পিটিশন, ১০ লক্ষাধিক মানুষের স্বাক্ষর

যুক্তরাজ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাষ্ট্রীয় সফর ঠেকাতে একটি পিটিশনে স্বাক্ষর করেছে দশ লাখেরও বেশি মানুষ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2017, 09:35 PM

Updated : 19 Aug 2022, 03:37 PM

যুক্তরাষ্ট্রে শরণার্থী প্রবেশ চার মাস স্থগিত করে দেওয়ার ট্রাম্পের নির্বাহী আদেশ নিয়ে বিশ্বজুড়ে প্রতিক্রিয়ার মধ্যে যুক্তরাজ্যে ওই পিটিশনে স্বাক্ষরকারীর সংখ্যা দ্রুতই বাড়ছে বলে জানিয়েছে বিবিসি।

সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরকালে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী টেরিজা মে ট্রাম্পের ব্রিটেন সফরের কথা ঘোষণা করেন।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, তারা ট্রাম্পের নির্বাহী আদেশের সঙ্গে দ্বিমত পোষণ করলেও এখনও যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করে যাওয়াকে ঠিক বলেই মনে করছে।

যুক্তরাজ্যের লেবার পার্টির নেতা জেরেমি করবিন ট্রাম্পের সফর পিছিয়ে দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন।

যুক্তরাজ্যে সরকারি ওয়েবসাইটের পিটিশনগুলোর মধ্যে এ পিটিশনই এখন সবচেয়ে জনপ্রিয় দ্বিতীয় পিটিশনে পরিণত হয়েছে। মঙ্গলবার পার্লামেন্টের সদস্যরা পিটিশনটি নিয়ে আলোচনা করবেন।

এতে বলা হয়েছে: “যুক্তরাষ্ট্র সরকারের প্রধান হিসেবে যোগ্যতা অনুযায়ীই ডোনাল্ড ট্রাম্পকে যুক্তরাজ্যে প্রবেশ করতে দেওয়া উচিত, কিন্তু রাষ্ট্রীয় সফরের জন্য তাকে আমন্ত্রণ জানানো উচিত নয়, কারণ এতে মহামান্য রানি বিব্রত হতে পারেন।”

ট্রাম্পকে রাষ্ট্রীয় সফরে আমন্ত্রণ না জানানোর এ পিটিশনটিতে এ পর্যন্ত ১০ লাখ ৬৮ জন স্বাক্ষর করেছেন বলে জানা গেছে।

রাষ্ট্রীয় সফর হয় ব্রিটেনের রানির আমন্ত্রণে। সাধারণত বছরে এক থেকে দুটি এ ধরনের সফরের জন্য রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানিয়ে থাকেন তিনি। এই আয়োজনে বেশ ঘটা থাকে।

অন‌্যদিকে সরকারি সফর হয় সরকারপ্রধান তথা প্রধানমন্ত্রীর আমন্ত্রণে। তা হয় অনেক কম ঘটা করে।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র জানিয়েছেন, ট্রাম্পকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং তিনি এটি গ্রহণও করেছেন।

যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের বন্ধুত্বের নিরীখে দু’দেশের একসঙ্গে কাজ করে যাওয়াটাই ঠিক মনে করেন বলে জানান ব্রিটিশ ওই মুখপাত্র।

তবে পিটিশনে নেতৃত্বে থাকা গ্রহাম গেস্ট বলেছেন, রাষ্ট্রীয় সফরে ট্রাম্প ব্রিটেনে গেলে তার প্রেসিডেন্সি বৈধতা পাবে। তাছাড়া, এ সফরে তার যে ছবি উঠবে এবং বিশেষ করে রাণীর পাশে তাকে দেখা যাবে- পুননির্বাচিত হওয়ার জন্য এ সুযোগকে কাজে লাগাতে পারেন ট্রাম্প।

ট্রাম্প শুক্রবার ১২০ দিনের জন্য যুক্তরাষ্ট্রের শরণার্থী প্রবেশ নিষিদ্ধ করাসহ ৭ মুসলিম দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দেন। এরপরই এর বিরুদ্ধে বিশ্বজুড়ে দেখা দেয় ক্ষোভ।

শনিবার বিকাল পর্যন্ত পিটিশনে সাক্ষরকারীর সংখ্যা ৬০ থেকে পরে রোববারের মধ্যেই তা পৌঁছে যায় ১০ লাখে।

ইইউ থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়া নিয়ে নতুন করে গণভোটের জন্য পিটিশনের পরই জনপ্রিয় হয়েছে ট্রাম্পের রাষ্ট্রীয় সফর বিরোধী পিটিশনটি।

কেবল এখনই নয়, এর আগে ২০১৫ সালে ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থী থাকার সময়ও যুক্তরাজ্যের জনগণ তাকে সেখানে ঢুকতে দেওয়ার বিরুদ্ধে পিটিশনে সই করেছিল। সেবার প্রায় ৮ লাখ মত মানুষ পিটিশন সই করে।