২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাম্পের আদেশ: যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিমানবন্দরে বিক্ষোভ

শরণার্থী ও অভিবাসী নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নির্বাহী আদেশ বাস্তবায়ন শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিমানবন্দরে বিক্ষোভ শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2017, 01:48 PM

Updated : 11 Oct 2022, 01:23 PM

শুক্রবার ট্রাম্পের আদেশের পর শনিবার মিসরের একটি বিমানবন্দরে বৈধ ভিসা থাকার পরও ইরাকের পাঁচজন ও ইয়েমেনের একজনকে যুক্তরাষ্ট্রগামী বিমানে উঠতে দেয়া হয়নি; নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় গ্রিন কার্ডধারী ১২জনকে আটক করে পুলিশ।

এরপরই যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে বিক্ষোভকারীদের ঢল নামে। তারা ট্রাম্পের আদেশ প্রত্যাহারের আবেদন জানানোর পাশাপাশি যুক্তরাষ্ট্রে অভিবাসী ও শরণার্থীদের মর্যাদা বাড়ানোরও দাবি জানান।

শনিবার দুপুরে নিউ ইয়র্কের জেএফকে বিমানবন্দরের কয়েকশ’ বিক্ষোভকারীকে ‘লেট দেম ইন’, ‘ব্যান-ডেথ,  উই আর আমেরিকান-উই স্টে হিয়ার’সহ নানা ধরণের স্লোগান দিতে দেখা গেছে।

লস অ্যাঞ্জেলস, সানফ্রান্সিসকো, শিকাগোর ও’হেয়ার, ওয়াশিংটন ডিসির ডালাসসহ ডজনখানেক এয়ারপোর্টে ট্রাম্পের আদেশের বিরুদ্ধে হাজারও নাগরিক বিক্ষোভ করছে বলে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে।

আটকদের ছাড়াতে তাদের আইনজীবীরাও বিমানবন্দরগুলোতে তৎপর রয়েছেন।

Image
ডালাসের ফোর্ট ওর্থ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রেসিডেন্ট ট্রাম্পের আদেশের বিরুদ্ধে প্রতিবাদ করছেন বিক্ষেোভকারীরা; ২৮ জানুয়ারি, ২০১৭।

ডালাসের ফোর্ট ওর্থ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রেসিডেন্ট ট্রাম্পের আদেশের বিরুদ্ধে প্রতিবাদ করছেন বিক্ষেোভকারীরা; ২৮ জানুয়ারি, ২০১৭।

ট্রাম্পের ওই আদেশে আগামী চার মাস যুক্তরাষ্ট্রে শরণার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার শরণার্থীদের জন‌্য অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি ইরাক, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেন থেকে আগতদের উপর তিন মাসের কড়াকড়িও আরোপ করা হয় ওই আদেশে।

এই আদেশের ফলে ওইসব দেশের গ্রিন কার্ডধারীরা নাগরিকরাও নিষেধাজ্ঞার আওতায় থাকছেন বলে যুক্তরাষ্ট্রের হোমল‌্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে।

বিমানবন্দরগুলোতে বিক্ষোভকারীরা ট্রাম্পের এই আদেশ প্রত্যাহারের দাবি জানিয়ে বলছেন, প্রেসিডেন্টের আরোপিত নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের মূল্যবোধের সঙ্গে যায় না।

“এ জঘন্য আদেশ দিয়ে অন্য দেশ, বিশেষ করে মুসলিম বিশ্বের সঙ্গে যুক্তরাষ্ট্রকে সংঘাতের দিকে ঠেলে দেওয়ার অপচেষ্টা চলছে। সমগ্র কম্যুনিটিতে ভীতি সঞ্চারিত হয়েছে। অভিবাসীদের রক্ত-ঘামে গড়ে উঠা আমেরিকায় এমন আদেশে লজ্জা পাচ্ছে স্ট্যাচু অব লিবার্টি-ও,” বলেন বাংলাদেশি-আমেরিকান ডেমোক্রেটিক লীগের প্রেসিডেন্ট খোরশেদ খন্দকার।

তিনি জেএফকে বিমাবন্দরের ৪ নম্বর টার্মিনালে বিক্ষোভ করছিলেন। মধ্যপ্রাচ্যে যাতায়াতকারী সবকটি এয়ারলাইন্সের ফ্লাইট এই টার্মিনালে অবতরণ করে।

Image
নিউ ইয়র্কের জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে চার নাম্বার টার্মিনালের বাইরে প্রেসিডেন্ট ট্রাম্পের আদেশের বিরুদ্ধে প্রতিবাদ করছেন বিক্ষেোভকারীরা; ২৮ জানুয়ারি, ২০১৭। রয়টার্স

নিউ ইয়র্কের জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে চার নাম্বার টার্মিনালের বাইরে প্রেসিডেন্ট ট্রাম্পের আদেশের বিরুদ্ধে প্রতিবাদ করছেন বিক্ষেোভকারীরা; ২৮ জানুয়ারি, ২০১৭। রয়টার্স

বিক্ষোভে নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলোর পাশাপাশি অন্য দেশের অভিবাসীরাও আছেন। আন্দোলনকারীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করায় নিরাপত্তারক্ষীরা কোনো বাধা দিচ্ছে না বলে খোরশেদ জানিয়েছেন। 

দুপুরেই স্থানীয় ডেমোক্র্যাট কংগ্রেসম্যান জেরাল্ড নেদলার ও নিদিয়া ভ্যালেস্কুয়েজ বিক্ষোভে যোগ দেন।

বিক্ষোভকারীদের সঙ্গে সংহতি জানিয়ে ধর্মঘট ডেকেছে নিউ ইয়র্কের ট্যাক্সি ড্রাইভারদের সংগঠন- নিউইয়র্ক ট্যাক্সি ওয়ার্কার্স এলায়েন্স।

শনিবার সন্ধ্যায় ট্রাম্পের আদেশ নিউ ইয়র্কের একটি আদালত স্থগিত করে দিলে বিক্ষোভকারীরা উল্লাসে ফেটে পড়ে।

এদিকে গ্রিন কার্ডধারীদেরও ঢুকতে না দিয়ে আটক করার খবরে মার্কিন নাগরিক সংগঠনগুলোও ক্ষোভ প্রকাশ করেছে।

মুসলিম-আমেরিকানদের অধিকার ও মর্যাদা নিয়ে কাজ করা সংগঠন কেয়ারের কর্মকর্তারা বলছেন, ট্রাম্প প্রশাসনের কর্মকান্ডে যুক্তরাষ্ট্রের মৌলিক কাঠামো প্রশ্নবিদ্ধ হতে চলেছে। এর ফলে সামাজিক অস্থিরতা আরও বাড়বে বলেও ধারণা করা হচ্ছে।

Image
শিকাগোর ও’হারে বিমানবন্দরে প্রেসিডেন্ট ট্রাম্পের আদেশের বিরুদ্ধে প্রতিবাদ করছেন বিক্ষেোভকারীরা; ২৮ জানুয়ারি, ২০১৭। রয়টার্স

শিকাগোর ও’হারে বিমানবন্দরে প্রেসিডেন্ট ট্রাম্পের আদেশের বিরুদ্ধে প্রতিবাদ করছেন বিক্ষেোভকারীরা; ২৮ জানুয়ারি, ২০১৭। রয়টার্স

উদ্ভূত পরিস্থিতিতে আতঙ্কিত অনেকেই বাংলাদেশ সফরের পরিকল্পনা বাতিল করেছেন বলে জানিয়েছেন উত্তর আমেরিকায় বাংলাদেশি ট্র্যাভেল এজেন্সিগুলোর জোটের (নাটাব) প্রেসিডেন্ট নাজমুল হুদা।

“বেশ ক’জন ফোন করে তাদের যাত্রা অনির্দিষ্টকালের জন্যে স্থগিত করতে বলেছেন। কয়েকজন সামনের সপ্তাহে তাদের ঢাকা যাওয়ার টিকিট বাতিল করেছেন,” বলেন তিনি।

যদিও যুক্তরাষ্ট্রের অ‌্যাটর্নি মঈন চৌধুরী বলছেন, গ্রিন কার্ডধারী বাংলাদেশীদের ভ্রমণে সমস্যা নেই।

“যারা কোন অপরাধে লিপ্ত ছিলেন না বা এখনও নেই, তাদের বাংলাদেশ ভ্রমণে কোনো সংশয় থাকা উচিত নয়,” বলেন তিনি।