২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রিন কার্ডধারীরাও ট্রাম্পের নিষেধাজ্ঞায়

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়াসহ সাতটি মুসলিম প্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে যে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছেন, তার আওতায় কথিত গ্রিন কার্ডধারীরাও থাকছেন বলে হোমল‌্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট জানিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2017, 02:40 AM

Updated : 11 Oct 2022, 01:23 PM

পুরনো খবর:

ট্রাম্পের আদেশ: কায়রোতে আটকালেন ৬ যাত্রী
অভিবাসন নিয়ে ট্রাম্পের আদেশের বিরুদ্ধে মামলা
চার মাস কোনো শরণার্থী নেবে না যুক্তরাষ্ট্র
ট্রাম্পের প্রতি শরণার্থী নিষেধাজ্ঞা প্রত‌্যাহারের আহ্বান জাতিসংঘের

ওই ডিপার্টমেন্টের একজন মুখপাত্র শনিবার ই-মেইলে বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, “গ্রিন কার্ডধারীদেরও (যুক্তরাষ্ট্রে বৈধভাবে বসবাসের অনুমতি পাওয়া) এটা আটকাবে।”

আগামী চার মাস যুক্তরাষ্ট্রে শরণার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়ে শুক্রবার একটি নির্বাহী আদেশে সই করেন ট্রাম্প। সিরিয়ার শরণার্থীদের জন‌্য অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা দেওয়ার পাশাপাশি মুসলিম প্রধান ছয়টি দেশের নাগরিকদের জন‌্য তিন মাসের কড়াকড়ি আরোপ করা হয় এতে।

এর ফলে সিরিয়া ছাড়াও ইরাক, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেন থেকে আগামী ৯০ দিন কেউ যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পাবে না।

পেন্টাগনে বসে এই আদেশে সই করে ট্রাম্প বলেন, “উগ্র ইসলামি সন্ত্রাসীদের যুক্তরাষ্ট্র থেকে দূরে রাখতে নতুন এই ভেটিং ব্যবস্থা আমি চালু করছি।

“আমরা শুধু তাদেরকেই আসতে দিতে পারি, যারা আমাদের দেশকে সমর্থন দেবে এবং আমাদের জনগণকে গভীরভাবে ভালোবাসবে।”

শনিবার থেকেই বিশ্বজুড়ে ট্রাম্পের ওই আদেশের প্রভাব পড়তে শুরু করেছে।

যুক্তরাষ্ট্রের বৈধ ইমিগ্রেশন ভিসা থাকার পরও এদিন মিশরের কায়রো বিমানবন্দরে পাঁচ ইরাকি ও এক ইয়েমেনিকে নিউ ইয়র্কগামী ফ্লাইটে উঠতে দেওয়া হয়নি বলে রয়টার্স জানিয়েছে।

নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে ১১ জন শরণার্থীকে আটকের খবর দিয়েছে বিবিসি। আটকদের মুক্তি দাবিতে ওই বিমানবন্দরে বিক্ষুব্ধদের জড়ো হওয়ারও খবর দিয়েছে তারা।

ট্রাম্পকে এই সিদ্ধান্ত থেকে সরে এসে শরণার্থীদের যুক্তরাষ্ট্রে পুনর্বাসনের সুযোগ অব‌্যাহত রাখার আহ্বান জানিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।

এক যুক্ত বিবৃতিতে আন্তর্জাতিক সংস্থা দুটি বলেছে, শরণার্থী ও অভিবাসীদের সংকট এখনকার মতো প্রকট আগে কখনও হয়নি। আর যুক্তরাষ্ট্রের শরণার্থী পুনর্বাসন কর্মসূচি বিশ্বে খুবই গুরুত্বপূর্ণ।