আইএস জঙ্গিরা ওঁত পেতে থাকা নোংরা ইঁদুর: ট্রাম্প
ইসলামিক স্টেট (আইএস) কে ‘আত্মগোপন করে ওঁত পেতে থাকা নোংরা ইঁদুর’ আখ্যা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ফক্স নিউজ’কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প একথা বলেন বলে জানিয়েছে সিবিএস নিউজ।
ট্রাম্প বলেন, “আমাদের চারপাশেই উর্দিবিহীন শয়তান ওঁত পেতে আছে। কাজটা আমাদের জন্য খুব কঠিন। কারণ, আমরা যাদের বিরুদ্ধে লড়াই করছি তাদের নিজস্ব কোনও রূপ নেই, তারা সবার মাঝে লুকিয়ে আছে। তারা আত্মগোপন করে থাকা, নোংরা ইঁদুর। তারা শপিং মলে এবং গির্জায় বোমা বিস্ফোরণ ঘটিয়ে লোকজনকে হত্যা করে।”
বৃহস্পতিবার রাতে ফক্স নিউজে ট্রাম্পের সাক্ষাৎকারটি প্রচার করা হয়।
নির্বাচনী প্রচারের শুরু থেকেই আইএস এর বিরুদ্ধে চরম কঠোর ব্যবস্থা গ্রহণের কথা বলে আসছেন ট্রাম্প।
ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প তার পরবর্তী নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রের শরণার্থী প্রকল্প বাতিল এবং মুসলিম অধ্যুষিত দেশগুলোর নাগরিকদের ভিসা প্রদাণ স্থগিত করতে পারেন।
এ বিষয়ে ট্রাম্প বলেন, “আমরা কোনও ঝুঁকি নিতে পারি না।”
“এ মুহূর্তে এক হাজারের বেশি সন্ত্রাসবাদের ঘটনা নিয়ে তদন্ত করছে এফবিআই।
তারা ওই সমস্ত লোক যাদের আমরা আমাদের দেশে প্রবেশ করার অনুমতি দিয়েছি।
আমাদের এইসব লোকের কোনও প্রয়োজন নেই। এদের কেউ কেউ ভয়ঙ্কর মতলব নিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে। যদিও আমার অনুমান, বেশির ভাগেরই বদ মতলব নেই। কিন্তু আমরা কোনও ঝুঁকি নিতে পারি না।”
শনিবার দিনের শুরুতে এ সংক্রান্ত নির্বাহী আদেশে সাক্ষর করতে পারেন ট্রাম্প।
এ বিষয়ে ট্রাম্প বলেন, “আমরা কয়েক হাজার মানুষকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দিয়েছি। আমরা তাদের সম্পর্কে কিছুই জানি না। কর্তৃপক্ষ তাদের যাচাই করেছে, এমন দাবি তারা করতে পারে। কিন্তু কর্তৃপক্ষ তাদের যাচাই করেনি, তাদের কাছে কোনও কাগজপত্রই নেই। যখন আপনি কারও সম্পর্কে কিছুই জানেন না তখন কিভাবে আপনি তাকে যাচাই করবেন। তাদের তো কোনও কাগজপত্রই নেই।”
