ট্রাম্প-পুতিন ফোনালাপ শনিবার: ক্রেমলিন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার টেলিফোনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছে ক্রেমলিন।
ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ারর পর এটিই হবে দু’নেতার প্রথম আলাপ।
ইউক্রেইন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে ৩ বছরের উত্তেজনার পর সম্পর্কের বরফ গলার পথে এটিই প্রথম পদক্ষেপ।
এর আগে গত বছর ৮ নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করার পর ট্রাম্পকে শুভেচ্ছা জানাতে ফোন করেছিলন পুতিন।
এবারের ফোনালাপে পুতিন প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার জন্য ট্রাম্পকে শুভেচ্ছা জানাবেন এবং দুই দেশের সম্পর্কের বর্তমান অবস্থা নিয়ে মত বিনিময় করবেন বলে জানিয়েছেন পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।
বার্লিনের এক কর্মকতা বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, শনিবার জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মেরকেলের সঙ্গেও ট্রাম্প ফোনালাপ করবেন। আর এ আলাপে রাশিয়ার বিষয়টিই প্রাধান্য পাবে বলে মনে করা হচ্ছে।
নির্বাচনী প্রচারের সময়ই রাশিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার কথা বলেছিলেন ট্রাম্প। আর নির্বাচনে জয়লাভ করার পর তিনি বলেছিলেন, সহযোগিতার মনোভাব দেখালে ২০১৪ সালে রাশিয়ার উপর আরোপ করা যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শিথিল করার কথা ভাববেন তিনি।
যদিও রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিলের সিদ্ধান্ত নিতে গেলে দেশে এবং দেশের বাইরের প্রভাবশালী নেতাদের, যাদের মধ্যে মেরকেলও আছেন; বাধার মুখে পড়বেন ট্রাম্প।
পশ্চিমা নেতাদের মতে, মস্কোকে ইউক্রেইন বিষয়ে পশ্চিমা নেতাদের শর্ত মানতে বাধ্য করার একমাত্র সহজ পথ হলো নিষেধাজ্ঞা আরোপ। মের্কেলও মনে করেন, রাশিয়া পশ্চিমা দেশগুলোর শর্ত মানলেই কেবল তাদের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলা যেতে পারে।
অন্যদিকে, ট্রাম্প প্রশাসনেরও অনেক কর্মকর্তা রাশিয়াকে নিরাপত্তার জন্য হুমকি মনে করে।
ট্রাম্পকে জেতাতে রুশ হ্যাকারদের যুক্তরাষ্ট্রের নির্বাচন ব্যবস্থায় অবৈধ হস্তক্ষেপের যে অভিযোগ উঠেছে সেটি নিয়ে সমালোচনার মুখে রয়েছেন ট্রাম্প। যদিও এমন অভিযোগ ট্রাম্প অস্বীকার করে আসছেন।
শনিবার ট্রাম্প ও পুতিনের মধ্যে ইউক্রেইন নিয়ে কথা হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পুতিনের মুখপাত্র পেসকভ বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্পের শপথ গ্রহণের পর এটাই দুই নেতার মধ্যে প্রথম ফোনালাপ। তাই এই ফোনালাপে গুরুতর বিষয়গুলো নিয়ে আলোচনা হবে এমন কথা বলা যাচ্ছে না। দেখা যাক কী হয়, ধৈর্য্য ধরুন।”
ইউক্রেইন সংক্রান্ত বিষয়ে রাশিয়ার উপর আরোপ করা নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে কিনা সে বিষয়ে কিছু জানা নেই না বলেও জানান পেসকভ।
