২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আমিরাতের যুবরাজকে স্বাগত জানাতে প্রটোকল ভাঙলেন মোদী

আরব আমিরাতের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে বিমানবন্দরে স্বাগত জানিয়ে প্রটোকল ভেঙেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2017, 12:28 PM

Updated : 11 Apr 2022, 10:53 PM

২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে প্রধান অতিথি আল নাহিয়ান। মঙ্গলবার তিনি ভারতে গিয়েছেন বলে জানিয়েছে দ্য ডন।

বিমানবন্দরে আল নাহিয়ানকে স্বাগত জানিয়ে জড়িয়ে ধরেন মোদী। এটি দুদেশের বাড়তে থাকা সম্পর্কের প্রতিফলন বলে বিশ্লেষকদের মত।

প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে সাধারণত ভারতের সামরিক শক্তির প্রদর্শনী করা হয়। দেশটির ক্রমবর্ধমান সমর শক্তিতে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক শক্তি ইসরায়েলের অবদানও ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে।

গণমাধ্যমের প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, আরব আমিরাতের সশস্ত্র বাহিনীর ডেপুটি কমান্ডার যুবরাজ আল নাহিয়ানের এ সফরে বাণিজ্য ও নিরাপত্তা বিষয়ে দুদেশের মিত্রতা আরো দৃঢ় হবে।

২০১৫ সালে অগাস্টে মোদীর আরব আমিরাত সফরকালে দেশ দুটি, রাষ্ট্রীয় নীতি হিসেবে সন্ত্রাসের ব্যবহার এবং সন্ত্রাসকে বৈধতা ও সমর্থন দিতে ধর্মের ব্যবহারের নিন্দা জানায়।

সন্ত্রাস-বিরোধী পদক্ষেপের ক্ষেত্রে দেশদুটি সহযোগিতা নিবিড় করারও সিদ্ধান্ত নেয়।

এছাড়া আরব আমিরাতে ২৬ লাখেরও বেশি প্রবাসী ভারতীয় আছেন। এদের পাঠানো বার্ষিক রেমিট্যান্সের পরিমাণ প্রায় ১৪ বিলিয়ন ডলার।

এর আগে ভারতের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে প্রধান অতিথি হয়েছিলেন সৌদি আরবের বাদশা। মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানাতে অস্বীকার করার পরও তাকে প্রধান অতিথি করা হয়েছিল।

যুক্তরাষ্ট্রের সদ্য সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ভারতের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অতিথি হয়েছিলেন।