১৯ বছর পর সুমো চ্যাম্পিয়ন পেল জাপান
জাপানের ঐতিহ্যবাহী সুমো কুস্তি খেলায় প্রায় দুই দশক পর এবার চ্যাম্পিয়ন হয়েছেন জাপানি কুস্তিগীর কিসেনোসাতো। এতে করে স্বদেশী সুমো চ্যাম্পিয়ন পেল জাপান।
এ বছরের প্রথম টুর্নামেন্টে জিতে সুমো কুস্তির সর্বোচ্চ পদক ‘ইয়োকোজুনা’ অর্জন করলেন ৩০ বছর বয়সী কিসোনাসাতো।
বিবিসি জানায়, ১৯৯৮ সালে জাপানের ওয়াকানোহানা মাসারো ‘ইয়োকোজুনা’ পদক জেতার পর কিসেনোসাতোই এ পদক জয়ী প্রথম জাপানি কুস্তিগীর।
মাঝখানের এ দীর্ঘ সময়ে আমেরিকা ও মঙ্গোলিয়ার পাঁচজন কুস্তিগীরএ পদক জয় করেন। সুমো কুস্তি জাপানি খেলা হলেও দীর্ঘ দুই দশক ধরে বহিরাগতরাই এ খেলায় জিতে আসছিল।
কিসেনোসাতোর জন্ম উত্তর টোকিওর ইব্রাকিতে। তার ওজন ১৭৮ কেজি।
২০১২ সাল থেকে সুমো কুস্তির দ্বিতীয় সর্বোচ্চ পদক ‘ওজেকি’ জয় করে আসছিলেন তিনি। বেশ কয়েকবার রানার-আপ হওয়ার পর এবারই তিনি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলেন।
