টিপিপি চুক্তি বাঁচানোর চেষ্টায় এশিয়ার দেশগুলো
যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার ঘোষণার পর ট্রান্স-প্যাসিফিক পার্টনারশিপ (টিপিপি) বাণিজ্য চুক্তি বাঁচানোর চেষ্টা নিয়েছে এশিয়ার দেশগুলো।
চীনসহ এশিয়ার অন্যান্য দেশকে এই চুক্তিতে যোগ দেওয়ার আহ্বান জানানোর মধ্য দিয়ে চুক্তিটিকে বাঁচানোর আশা করছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।
যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে ‘টিপিপি ১২ মাইনাস ওয়ান’ নামের নতুন চুক্তি করে এ বাণিজ্য চুক্তিটিকে বাঁচানোর পরামর্শ দিয়েছে অস্ট্রেলিয়া। এতে আগ্রহ প্রকাশ করেছে সিঙ্গাপুর, মালয়েশিয়া, জাপান, নিউজিল্যান্ডসহ অন্যান্য দেশগুলোও।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার এশিয়া নীতির আওতায় যুক্তরাষ্ট্রসহ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১২টি দেশ টিপিপি চুক্তি স্বাক্ষর করে। চুক্তিতে সদস্য দেশগুলোর মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের ক্ষেত্রে বিনা শুল্ক সুবিধার কথা বলা হয় এবং চুক্তির লক্ষ্য ছিল অর্থনৈতিক সম্পর্ক জোরদারের পাশাপাশি প্রবৃদ্ধি বাড়ানো।
যুক্তরাষ্ট্র, জাপান, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভিয়েতনাম, ব্রুনাই, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা, মেক্সিকো, চিলি ও পেরুর দীর্ঘ আলোচনার পর ২০১৫ সালে চুক্তিটি স্বাক্ষরিত হয়। তবে দ্বিধাবিভক্ত মার্কিন কংগ্রেস চুক্তিটি অনুমোদন করেনি।
গত শুক্রবার যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী, সোমবার টিপিপি বাণিজ্য চুক্তি বাতিলের নির্বাহী আদেশ দেন তিনি।
চুক্তির সমালোচনায় ট্রাম্প বলেন, টিপিপি চুক্তি যুক্তরাষ্ট্রের জন্য বিপর্যয় ঘনিয়ে আসার সংকেত ছিল। এ চুক্তির কারণে দেশের উৎপাদন খাত ক্ষতিগ্রস্ত হয়েছে।
জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে টিপিপি চুক্তিকে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক সংস্কারের চালিকা শক্তি এবং চীনের ক্রমবর্ধমান প্রভাবের পাল্টা জবাব বলে বিবেচনা করেন।
যুক্তরাষ্ট্র ছাড়া টিপিপি চুক্তি বহাল রাখার বিষয়ে জাপানের প্রধানমন্ত্রী আবে, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী বিল ইংলিশ এবং সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লংয়ের সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল।
মঙ্গলবার ক্যানবেরায় সাংবাদিকদের টার্নবুল বলেন, “টিপিপি থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়া যে বড় ধরনের ক্ষতি সে বিষয়ে প্রশ্নে অবকাশ নাই।”
“কিন্তু আমরা পিছিয়ে যাচ্ছি না… (যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপের কারণে) নিশ্চিতভাবেই চীনের টিপিপিতে যোগ দেওয়ার একটি সম্ভাবনা তৈরি হয়েছে।”
যদিও চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনইং তার দেশের টিপিপি’তে যোগ দেওয়ার আগ্রহের বিষয়ে সরাসরি কিছু বলেননি।
বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমাদের মনে হয়, বর্তমান পরিস্থিতিতে বাণিজ্য নীতি উন্মুক্ত ও অন্তর্ভূক্ত রাখা উচিত। কী ঘটছে সেটা আসলে কোনও বিষয় নয়। বরং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে, সহযোগিতামূলক মনোভাব দেখাতে হবে। তাহলেই জয় আসবে।”
বেইজিংয়ের আগে এশিয়ার বাণিজ্য নীতি নির্ধারণের জন্য চীনকে বাদ দিয়ে এশিয়ার দেশগুলোর সঙ্গে টিপিপি চুক্তি করেছিলেন ওবামা।
তবে চীন ফ্রি ট্রেড এরিয়া অব দ্য এশিয়া প্যাসেফিক (এফটিএএপি) এর প্রস্তাব দেয় এবং সাউথইস্ট এশিয়ান-ব্যাক্ড রিজোনাল কমপ্রিহেনসিভ ইকোনোমিক পার্টনারশিপ (আরসিইপি) এ সমর্থন দেয়।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া বলেন, এফটিএএপি চুক্তির বিষয়ে অগ্রগতি হওয়া উচিত। সেইসঙ্গে পূর্ব নির্ধারিত সময়ের আগেই আরসিইপি চুক্তি নিয়ে আলোচনা শেষ হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র এই অঞ্চলে চীনের প্রভাবের কাছে হার স্বীকার করেছে এবং আঞ্চলিক শক্তিগুলো এখন বিকল্প বাণিজ্য চুক্তি করবে।
তিনি বলেন, “দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে আরসিইপি চুক্তির প্রস্তাব আমরা পেয়েছি। যদিও এখনও সেটির অগ্রগতি কিছুটা ধীর। কিন্তু যদি টিপিপি চুক্তি বাতিল হয়ে যায় তবে রাজনৈতিক ভাবে হয়ত আমরা আরসিইপি কে বেছে নেব।”
মালয়েশিয়ার বাণিজ্যমন্ত্রী মুস্তাফা মাহাম্মেদ বলেন, সঠিক পথ নির্ধারণে আলোচনা চালিয়ে যাওয়ার জন্য টিপিপিভুক্ত বাকি দেশগুলো পরষ্পরের সঙ্গে ‘নিয়মিত যোগাযোগ’ বজায় রাখছে।
বিশ্বের সবচেয়ে বড় রপ্তানিকারক দেশ চীন টিপিপি চুক্তিতে যোগ দেবে বলে আশা করছে অস্ট্রেলিয়া। দেশটির বাণিজ্যমন্ত্রী স্টিভ সিওবো বলেন, টিপিপি চুক্তির মূল কাঠামো এমনভাবে তৈরি করা হয়েছে যে এতে অন্যান্য দেশ যোগ দিতে পারবে।
তিনি বলেন, “আমি নিশ্চিতভাবে জানি, ইন্দোনেশিয়া টিপিপি’তে যোগ দেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। এছাড়া, যদি আমরা চুক্তিটি নতুন করে টিপিপি ১২ মাইনাস ওয়ান ফর্মূলায় তৈরি করি তাহলে চীনেরও এতে যোগ দেওয়ার সুযোগ তৈরি হবে।”
চীন এরই মধ্যে টিপিপি চুক্তিতে যোগ দেওয়ার বিষয়টি ভেবে দেখার ইঙ্গিত দিয়েছে বলে জানিয়েছে বিবিসি।
জাপানের অর্থমন্ত্রী নবুতেরু ইশিহারা সাংবাদিকদের বলেন, “টিপিপির শর্তবলী পুনঃপ্রণয়ন করার হলেও উন্মুক্ত বাণিজ্যই যে অর্থনৈতিক অগ্রগতির মূল উৎস সে বিষয়ে আমাদের মতের কোনো পরিবর্তন হবে না।”
টিপিপি চুক্তি বাতিল করে ট্রাম্প প্রশাসন দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি পরিকল্পনা করেছে।
এ বিষয়ে প্রশ্ন করা হলে ইশিহারা বলেন, যুক্তরাষ্ট্রের বাণিজ্য কর্মকর্তারা এ ধরনের আলোচনা শুরু করবেন কিনা তা এখনও নিশ্চিত নয়।
