২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে ‘এক সন্তান আইন’ পরিবর্তনে বেড়েছে জন্মহার

চীন দীর্ঘ সময় ধরে বহাল থাকা এক সন্তান নীতি শিথিল করার পর দেশটিতে জন্মহার বেড়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2017, 08:58 PM

Updated : 11 Apr 2022, 10:51 PM

সন্তান জন্মদানে সক্ষম নারীর সংখ্যা কমে যাওয়ার পরও ২০০০ সালের পর থেকে গতবছরই চীনে জন্মহার সবচেয়ে বেশি দেখা গেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

এক বছর আগে চীন সরকার এক সন্তান নীতি শিথিল করে।

দেশটির জাতীয় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমিশনের (এনএইচএফপিসি) পরিসংখ্যান অনুযায়ী, ২০১৬ সালে চীনে প্রায় এক কোটি ৮শ’ ৪৬ লাখ শিশু জন্ম গ্রহণ করেছে। ২০১৫ সালের তুলনায় যা সাড়ে ১১ শতাংশ বেশি।

আর ২০১৬ সালে জন্ম নেওয়া এই সব শিশুদের ৪৫ শতাংশের বেশির এক বা একাধিক ভাই-বোন রয়েছে।

যদিও দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০১৬ সালে জন্ম হওয়া শিশুদের এ সংখ্যা কিছুটা কম দেখানো হয়েছে।

এনএইচএফপিসি কর্মকর্তা ইয়াং ওয়েনজুয়াং বলেন, “যদিও সন্তান জন্মদানে সক্ষম নারীর সংখ্যা প্রায় ৫০ লাখ কমে গেছে। তারপরও জন্মহার উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে। এ থেকেই বোঝা যাচ্ছে, পরিবার পরিকল্পনা নীতিতে যে পরিবর্তন আনা  হয়েছে তা একদমই সময় উপযোগী এবং খুবই কার্যকর হয়েছে।”

২০২০ সাল নাগাদ প্রতিবছর শিশু জন্মের হার এক কোটি ৭০ লাখ থেকে দুই কোটির মধ্যে থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

এনএইচএফপিসি’র কর্মকর্তাদের হিসাব অনুযায়ী, ২০৫০ সাল নাগাদ চীনে কর্মক্ষম মানুষের সংখ্যায় বাড়তি আরও তিন কোটি তরুণ যুক্ত হবে।

তবে এক সন্তান নীতির কারণেই দেশটির অতিরিক্ত জনসংখ্যার হার হ্রাস পেয়েছে, দারিদ্র কমেছে এবং পরিবশেগত ক্ষতি কমেছে বলেও মনে করেন তারা।