২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে বন্ধ হচ্ছে ১৪৬ বছরের জনপ্রিয় সার্কাস

যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনপ্রিয় রিংলিং ব্রস সার্কাসের ১৪৬ বছরের পথ চলা শেষ হতে চলেছে আর কয়েক মাসের মধ্যেই।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2017, 10:31 PM

Updated : 11 Apr 2022, 10:48 PM

টিকিট বিক্রি কমেই কমতে থাকায় এমনকি সার্কাস চালানোর খরচও না ওঠায় বাধ্য হয়েই প্রদর্শনী বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

‘রিংলিং ব্রাদার্স’ আর ‘বারনাম অ্যান্ড বেইলি’র যৌথ উদ্যোগে  যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে প্রদর্শিত হত ‘গ্রেটেস্ট শো অন আর্থ’।

এ সার্কাসের জনপ্রিয়তায় অনুপ্রাণিত হয়ে হলিউড একটি ছবিও তৈরি করেছিল। যেটি অস্কার পুরষ্কারও পায়।

সার্কাস কোম্পানির সিইও কেনেথ ফেল্ড এক বিবৃতিতে বলেন, “গ্রেটেস্ট শো অন আর্থ এর শেষ প্রদর্শনী হবে চলতি বছরের মে মাসে। অনেক ভাবনাচিন্তার পর আমরাএ কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।”

পশুদের অধিকার নিয়ে কাজ করা সংস্থা পেটা সার্কাস বন্ধের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছে, “বন্য পশুদের জন্য এই গ্রেটেস্ট শো অন আর্থ খুবই দুঃখজনক প্রদর্শনী”।

বন্য প্রাণীর অধিকার কর্মীদের সঙ্গে বেশ কয়েক বছর আইনি লড়াইয়ের পর গত বছর মে মাসে হাতিকে দিয়ে খেলা দেখানো বন্ধ করেছিল সার্কাস কর্তৃপক্ষ।