২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিপিন্সে মার্শাল ল জারির হুমকি দুতের্তের

মাদক নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশে মার্শাল ল জারির হুমকি দিয়েছেন ফিলিপিন্সের প্রেসিডেন্ট রদরিগো দুতের্তে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 15 Jan 2017, 10:21 PM

Updated : 11 Apr 2022, 10:48 PM

‘ফিলিপিন্সের জনগণ এবং দেশের যুব সমাজকে রক্ষা করাই’ তার  লক্ষ্য এবং এজন্য জন্য তিনি প্রয়োজনে সর্বোচ্চ কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন বলেও জানিয়েছেন।

গত বছর ক্ষমতা গ্রহণের পরপরই মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন প্রেসিডেন্ট। তার সরকারের প্রথম ছয় মাসে মাদক পাচারের  সঙ্গে জড়িত সন্দেহে প্রায় ছয় হাজার মানুষকে বিনাবিচারে হত্যা করা হয়েছে।

তিনি বলেন, দেশকে ‘মাদকের স্বর্গরাজ্যে পরিণত হওয়া থেকে বাঁচাতে’ তিনি কাজ করছেন।

দক্ষিণের শহর দাভাওয়ে শনিবার ব্যবসায়ীদের মধ্যে দেওয়া এক বক্তৃতায় দুতের্তে বলেন, “যদি আমি চাই এবং ভবিষ্যতে এই পরিস্থিতির খুব খারাপ রকম অবনতি হলে, আমি চাইলে সামরিক শাসন ঘোষণা করতে পারি। আমাকে কেউ থামাতে পারবে না।”

“আমার দেশ সবকিছু করতে পারে, এমনকি সীমাবদ্ধতাও।”

সামরিক আইন জারি হলে তা বাস্তবায়নে সেনাবাহিনী ব্যবহার করতে পারবেন দুতের্তে। সেইসঙ্গে কোনো অভিযোগ ছাড়াই নাগরিকদের আটক করা যাবে।

বিবিসি’র খবরে বলা হয়, ফিলিপিন্সের সংবিধান অনুযায়ী আক্রমণ বা বিদ্রোহ দমনে শুধুমাত্র দেশটির প্রেসিডেন্ট নিজ ক্ষমতা বলে ৬০ দিনের জন্য মার্শাল ল জারি করতে পারবেন।

তবে সুপ্রিম কোর্টে যদি এর বৈধতা নিয়ে প্রশ্ন উঠে তাহলে ৪৮ ঘণ্টার মধ্যে দেশটির সংসদ প্রেসিডেন্টের ঘোষণা রদ করতে পারবে।

কিন্তু দুতের্তে বলেন, “৬০ দিনের সীমাবদ্ধতা রয়েছে সেটিই বহাল থাকবে।”

“যদি আমাকে মার্শাল ল জারি করতে হয়, আমি তা জারি করব। আক্রমণ ঠেকাতে নয়, বিদ্রোহ বা বিপদে পড়েও নয়। বরং আমি আমার দেশবাসীকে রক্ষা করতেই তা করব।”

যদিও গত মাসেই মার্শাল ল জারিকে ‘বোকামি’ আখ্যা দিয়ে তিনি বলেছিলেন, অতীতে এটি কখনোই জনগণের জীবনে উন্নয়ন বয়ে আনেনি।

ফিলিপিন্সে সর্বশেষ ১৯৭২ সালে ফার্ডিনান্ড মার্কোসের আমলে দুর্নীতি ও একটি কমিউনিস্ট বিদ্রোহ মোকাবেলায় মার্শাল ল জারি করা হয়েছিল। ১৯৮১ সালে তা তুলে নেওয়া হয়।