ফ্রান্সে মধ্যপ্রাচ্য শান্তি সম্মেলন শুরু
ফ্রান্সের রাজধানী প্যারিসে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি আলোচনা শুরুর চেষ্টা নিয়ে অনুষ্ঠিত হচ্ছে বড় ধরনের আন্তর্জাতিক সম্মেলন।
বিশ্বের ৭০ টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এ সম্মেলনে অংশ নিয়ে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের আহ্বান জানিয়ে কয়েকদশকের পুরোনো সমস্যার দ্বিরাষ্ট্রিক সমাধানকে সমর্থন জানাবেন বলে আশা করা হচ্ছে।
রোববার সম্মেলনের উদ্বোধন করে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ মার্ক বলেছে, “মধ্যপ্রাচ্য সংকটের একমাত্র সমাধান যে দুটো আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠা করেই করা সম্ভব সে কথা আবারো জোর গোলায় বলতেই আমরা এখানে সমবেত হয়েছি।”
সম্মেলনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ৫ স্থায়ী সদস্যদেশ ছাড়াও অংশ নিচ্ছে কয়েকটি ইউরোপীয় ও আরব দেশ।
দ্বিরাষ্ট্র সমাধানের কথা নতুন করে বলার পাশাপাশি মধ্যপ্রাচ্য সঙ্কট সমাধানে সরাসরি আলোচনা করতে ইসরায়েল এবং ফিলিস্তিন দু’পক্ষকে উৎসাহিত করা এবং ভবিষ্যতের জন্য কর্ম পরিকল্পনা তৈরি করাও সম্মেলনের লক্ষ্য।
সম্মেলনে যেসব সিদ্ধান্ত গ্রহণ করা হবে তার সারসংক্ষেপ শোনার জন্য ইসরায়েল ও ফিলিস্তিন উভয় পক্ষকেই আমন্ত্রণ জানানো হয়েছে।
ফিলিস্তিনিরা এ সম্মেলনকে স্বাগত জানালেও ইসরায়েল এ সম্মেলকে ‘তাৎপর্যহীন’ আখ্যা দিয়েছে। ইসরায়েল বলছে, তাদের বিরুদ্ধেই এ সম্মেলন ডাকা হয়েছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্যারিস সম্মেলনকে ‘একটি তামাশার সম্মেলন’ উল্লেখ করে বলেন, “ইসরায়েলের বিরুদ্ধে বাড়তি সুবিধা গ্রহণের জন্য ফ্রান্সের পৃষ্ঠপোষকতায় এটি ফিলিস্তিনিদের জালিয়াতি।”
এ উদ্যোগ শান্তি প্রচেষ্টাকে আরও পেছনে নিয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি।
ইসরায়েলের পাশপাশি ফিলিস্তিনও এ সম্মেলনে অংশ নিচ্ছে না।
এর আগে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে সরাসরি শান্তি আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু উভয় পক্ষের বিদ্বেষপূর্ণ মনোভাবের কারণে ২০১৪ সালের এপ্রিলে ওই উদ্যোগ ভেস্তে যায়।
গত মাসে জেরুজালেম ও পশ্চিম তীরের অধিকৃত এলাকায় ইসরায়েলের বসতি স্থাপণ নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাবনা পাস হয়।
ওই প্রস্তাবনায় ইসরায়েলকে অধিকৃত এলাকায় বসতি স্থাপণ বন্ধ করতে বলা্য় ইসলায়েল ও আন্তর্জাতিক অঙ্গনের মধ্যে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়েছে।
জাতিসংঘ প্রস্তাবনায় যুক্তরাষ্ট্র ভোট না দিলেও এতে ভেটো ক্ষমতাও প্রয়োগ করেনি। এতে ক্ষুব্ধ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অভিযোগ, বারাক ওবামা প্রশাসন কলকাঠি নেড়ে ওই প্রস্তব পাস করিয়েছে।
হোয়াইট হাউজের পক্ষ থেকে এ অভিযোগ অস্বীকার করা হয়েছে।
নিজেদের ভবিষ্যৎ রাষ্ট্রের জন্য অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম দাবি করেছে ফিলিস্তিন, যেখানে প্রায় ছয় লাখ ইসরায়েলির বাস।
আন্তর্জাতিক আইন অনুযায়ী, পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ইসরায়েলের দখল অবৈধ।
অন্যদিকে, ইসরায়েলি কর্তৃপক্ষের অভিযোগ, ফিলিস্তিনিদের উস্কানি ও সহিংসতা এবং ইসরায়েলকে ইহুদি রাষ্ট্র হিসেবে মেনে নিতে অস্বীকৃতিই ওই অঞ্চলে শান্তির পথে প্রধান অন্তরায়।
ফ্রান্সে শুরু হওয়া সস্মেলন এ সমস্যা সমাধানে ফলপ্রসু হবে কিনা তা নিয়ে পর্যবেক্ষকদের অনেকেই সন্দিহান। কারণ, ইসরায়েল এ সম্মেলন মানতে রাজি না।
অন্যদিকে, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি এখনও অস্পষ্ট।
যুক্তরাষ্ট্রে ক্ষমতা পরিবর্তনের কারণে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে বড় ধরনের অনিশ্চয়তার সময়ে সম্মেলনটি হচ্ছে।
ট্রাম্প দীর্ঘদিনের মার্কিন নীতি ভেঙে যুক্তরাষ্ট্রের দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে সরিয়ে নিতে পারেন বলেও উদ্বেগ রয়েছে। সম্মেলনে যোগ দেওয়া অনেকেই একে অত্যন্ত উদ্বেগজনক বলেছেন এবং এর পরিণতি ভয়াবহ হতে পারে বলেও মন্তব্য করেছেন।
