২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হিটলার, মুসোলিনিও শক্তিশালী ব্র্যান্ড নাম: রাহুল গান্ধী

সরকারি এক প্রতিষ্ঠানের ক‌্যালেন্ডার থেকে মহাত্মা গান্ধীর ছবি সরিয়ে নরেন্দ্র মোদীর ছবি দেওয়া নিয়ে বিতর্কে এবার যোগ দিলেন রাহুল গান্ধী। ‘গান্ধীর চাইতে মোদীর নামের কদর বেশি’ বিজেপির এক নেতার এমন মন্তব্যে রাহুলের জাবাব ‘হিটলার, মুসোলিনিও তো খুবই শক্তিশালী ব্র্যান্ড নাম’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউজডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2017, 10:19 PM

Updated : 11 Apr 2022, 10:48 PM

ভারতের খাদি ও গ্রাম শিল্প কমিশন (কেভিআইসি) তাদের ২০১৭ সালের ক্যালেন্ডার ও স্টেশনারিতে মহাত্মা গান্ধীর ছবি সরিয়ে বর্তমান প্রধানমন্ত্রী মোদীর ছবি দিয়েছে। এ নিয়ে কেভিআইসির কর্মীরা বিক্ষোভ করেছে।

ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রতিবাদস্বরূপ খাদি কাপড় পরতেন মহাত্মা গান্ধী। ঐতিহ্যগতভাবেই কেভিআইসির বর্ষপঞ্জীতে গান্ধীর ছবি ব্যবহার করা হত।

এবার মোদীর ছবি ব্যবহারের কারণ ব্যাখ্যায় কেভিআইসি কর্তৃপক্ষ বলেছেন, মোদীও গ্রামভিত্তিক শিল্পের বড় সমর্থক। তিনি খাদি পোশাককে সাধারণের মধ্যে জনপ্রিয় করেছেন।

তাদের এই যুক্তির সমর্থনে শনিবার হরিয়ানার স্বাস্থ‌্যমন্ত্রী ও রাজ‌্য বিজেপির নেতা অনীল বিজ বলেন,“কেভিআইসি তাদের ২০১৭ সালের ক‌্যালেন্ডার ও ডায়েরিতে প্রধানমন্ত্রী মোদীর ছবি বসিয়ে বেশ ভাল করেছে।”

“কেননা গান্ধীর চেয়ে এখন মোদীর ব্র্যান্ড নামের কদর বেশি। তাই তো মোদী আসার পর খাদি কাপড়ের বিক্রি ১৪ শতাংশ বেড়েছে।”

জবাবে টুইটারে প্রধান বিরোধী দল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল বলেন, “হিটলার, মুসোলিনিও তো খুবই শক্তিশালী ব্র্যান্ড নাম।”

যদিও শুধু বিরোধী দলের নেতাদেরই নয় বরং বিজিপি নেতারাও অনীল বিজের তীব্র সমালোচনা করেছেন।

বিহারের নেতা লালুপ্রসাদ যাদব হরিয়ানার এই মন্ত্রীকে ‘নালায়েক’ বলেছেন।

বিজেপির নেতা শ্রীকান্ত শর্মা বলেছেন, অনীল বিজের এই বক্তব‌্যের তীব্র নিন্দা জানায় বিজেপি। এটা তার ব‌্যক্তিগত মত হতে পারে, কোনোভাবেই দলীয় মত নয়।”

হরিয়ানার মুখ‌্যমন্ত্রী মনোহর লাল খাট্টারও নিজেকে বাঁচিয়ে বলেছেন, অনীলের ওই মত তার রাজ‌্য সরকার কিংবা দলের নয়।