২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চলে গেলেন ‘দি এক্সরসিস্ট’র স্রষ্টা পিটার ব্লেটি

ভৌতিক উপন্যাস ‘দি এক্সরসিস্ট’ লিখে পরিচিতি পাওয়া মার্কিন লেখক ও চলচ্চিত্র নির্মাতা উইলিয়াম পিটার ব্লেটি আর নেই। তার বয়স হয়েছিল ৮৯ বছর।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2017, 11:46 AM

Updated : 11 Apr 2022, 10:48 PM

বিবিসি বলছে, ব্লেটির এই উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র নির্মাণকারী উইলিয়াম ফ্রিডক্যান তার ট্যুইটার বার্তায় ব্লেটির মৃত্যুর খবরটি প্রকাশ করেন।

ট্যুইটারে ফ্রিডক্যান লিখেছেন, “প্রিয়বন্ধু এবং ভাই উইলিয়াম পিটার ব্লেটি, দি এক্সরসিস্টের স্রষ্টা গতকাল মারা গেছেন।”

ব্লেটির বিধবা জুলি অ্যালিসিয়া ব্লেটি জানান, এই লেখক বৃহস্পতিবার মেরিল্যান্ডের একটি হাসপাতালে মারা যান।

তিনি বলেন, ব্ল্যাড ক্যান্সারের একটি ধরন বহুমাত্রিক মেলোমার কারণে তার মৃত্যু হয়েছে।

১৯৭১ সালে ‘দি এক্সরসিস্ট’ উপন্যাস প্রকাশিত হওয়ার বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয়তা অর্জন করে। এমন কী দুই বছর পর উপন্যাসটি চলচ্চিত্রে রূপ পাওয়ার পর তাও ব্যাপক সাফল্য অর্জন করে।

১৯৭৩ সালে নানা সমস্যা পাড়ি দিয়ে অনেকটা গোপনে মুক্তি পায় চলচ্চিত্রটি। কিন্তু এরপরও অন্যতম আয়ের ইতিহাস সৃষ্টি করে চলচ্চিত্রটি। সমালোচকেরা একে ধ্রুপদি ভৌতিক চলচ্চিত্রের মর্যাদা দিয়েছেন।

অনেক চলচ্চিত্র সমালোচক একে সিনেমাকে ইতিহাসের সবচেয়ে ভয়ংকর সিনেমা হিসেবেও আখ্যা দিয়ে থাকেন।

অশুভ আত্মার প্রভাবে আচ্ছন্ন এক কিশোরীকে ঘিরে আবর্তিত হয় ‘দি এক্সরসিস্ট’র গল্প। ওই কিশোরীকে ঘিরে ঘটে যাওয়া নানা ভয়ঙ্কর ঘটনা নিয়ে এগোয় কাহিনি।

ব্লেটির মৃত্যুতে শোক প্রকাশ করে ভৌতিক সাহিত্য লেখক স্টিফেন কিং ট্যুইটারে লিখেছেন, “শান্তিতে ঘুমান উইলিয়াম পিটার ব্লেটি, যিনি আমাদের সময়ে মহান ভৌতিক উপন্যাস লিখে গেছেন দীর্ঘকালব্যাপী।”

‘দি এক্সরসিস্ট’ চলচ্চিত্রে চিত্রনাট্য রচনার কারণে অস্কারও জিতেছিলেন তিনি। সিক্যুয়াল হিসেবে তিনি ‘দি এক্সরসিস্ট থ্রি’ চিত্রনাট্য লিখে চলচ্চিত্রও নির্মাণ করেছিলেন।