উ কোরিয়ার দিকে নজর রাখতে যুক্তরাষ্ট্রের হাই-টেক রাডার
উত্তর কোরিয়ার সম্ভাব্য আন্তঃমহাদেশীয় ব্যলিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণের দিকে নজর রাখতে সমুদ্রভিত্তিক একটি উচ্চ প্রযুক্তির সামরিক রাডার মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র।
উত্তর কোরিয়ার ওপর নজরদারি করতে রাডারটি হাওয়াই থেকে রওয়ানা হয়েছে বলে বুধবার জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এক প্রতিরক্ষা কর্মকর্তা।
চলতি মাসের প্রথমদিকে উত্তর কোরীয় নেতা কিম জং উন জানিয়েছিলেন, তার দেশ একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) উৎক্ষেপণের দ্বারপ্রান্তে রয়েছে।
নাম না প্রকাশ করার শর্তে যুক্তরাষ্ট্রের ওই প্রতিরক্ষা কর্মকর্তা জানান, সমুদ্র-ভিত্তিক এক্স-ব্যান্ড রাডার (এসবিএক্স) নামে পরিচিত ওই রাডারটি সোমবার হাওয়াই থেকে রওয়ানা হয়েছে। জানুয়ারির শেষ দিকে হাওয়াই থেকে তিন হাজার ২১৮ কিলোমিটার উত্তর-পশ্চিমে নিজ গন্তব্যে পৌঁছবে এটি।
রাডারটি আইসিবিএমকে অনুসরণ করতে পারে এবং হুমকি ও হুমকি নয়, এমন ক্ষেপণাস্ত্রগুলোকে আলাদা করে শনাক্ত করতে পারে।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী অ্যাশ কার্টার জানিয়েছেন, উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা যুক্তরাষ্ট্রর পর্যবেক্ষণ করে দেখতে পারে এবং উৎক্ষেপণটি হুমকি না হলে তা ধ্বংস না করে ক্ষেপণাস্ত্রটির বিষয়ে তথ্য সংগ্রহ করতে পারে।
