২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের ট্যাঙ্ক ও সেনা পৌঁছাচ্ছে পোল্যান্ডে

তিন হাজার সেনাসহ যুক্তরাষ্ট্রের ট্যাঙ্ক ও সাঁজোয়া যান পূর্ব ইউরোপের পোল্যান্ডে পৌঁছতে শুরু করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2017, 01:48 PM

Updated : 11 Apr 2022, 10:48 PM

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ট্যাঙ্ক ও সাঁজোয়া যানের প্রথম চালানটি পোল্যান্ডে পৌঁছেছে বলে জানিয়েছে বিবিসি।

রাশিয়ার আক্রমণাত্মক মনোভাবের কারণে শঙ্কিত নেটো মিত্রদের আশ্বস্ত করার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার পদক্ষেপের অংশ হিসেবে এসব সামরিক সরঞ্জাম ও সেনা সেখানে যাচ্ছে।

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নের ব্যাপারে আগ্রহী বলে ইঙ্গিত দিয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে তার অভিষেকের মাত্র কয়েকদিন আগে সেই রাশিয়ার হুমকি মোকাবিলায়ই পূর্ব ইউরোপে যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থান জোরদার করা হচ্ছে।

শীতল লড়াই অবসানের পর থেকে গত কয়েক দশকে ইউরোপে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়ানোর সবচেয়ে বড় ঘটনা এটি।

ইতোমধ্যে ৮০টিরও বেশি ব্যাটল ট্যাঙ্ক ও কয়েকশত সাঁজোয়া যান জার্মানিতে পৌঁছেছে। এসব ট্যাঙ্ক ও সাঁজোয়া যান সড়ক ও রেলপথে পূর্ব ইউরোপে পাঠানো শুরু হয়েছে।

কিছুদিনের মধ্যেই বাল্টিক এলাকায় যুক্তরাষ্ট্রের সাঁজোয়া ব্রিগেডগুলোর সামরিক মহড়া চালানোর কথা রয়েছে। এগুলোর সবই উইক্রেইনে রাশিয়ার হস্তক্ষেপ ও শঙ্কিত নেটো মিত্রদের আশ্বস্ত করার ওবামার প্রচেষ্টার অংশ।

এই প্রচেষ্টার অংশ হিসেবে যে পরিকল্পনা নেওয়া হয়েছে তাতে প্রতি নয় মাস বাহিনীগুলোর ‘আবর্তনের’ কথা রয়েছে।

বিবিসির সংবাদাতা পোল্যান্ড থেকে জানিয়েছেন, ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ অব্যাহত থাকবে কিনা তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

ট্রাম্পের নতুন প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল জেমস ম্যাটিসের নিয়োগ যুক্তরাষ্ট্র সিনেটের অনুমোদনের বিষয়ে বৃহস্পতিবার শুনানির কথা রয়েছ। রাশিয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের মনোভাব কেমন হবে, শুনানির সময় তা ম্যাটিসের কাছে জানতে চাইতে পারে সিনেট।