ইয়েমেনে সৌদি জোটের হামলায় নিহত ৫
ইয়েমেনের উত্তরাঞ্চলে একটি প্রাথমিক বিদ্যালয়ের কাছে সৌদি-নেতৃত্বাধীন বিমান হামলায় পাঁচজন নিহত হয়েছেন।
বিবিসি বলছে, নিহতদের মধ্যে দুই শিশুও রয়েছে।
হুতি বিদ্রোহী নিয়ন্ত্রিত নিহাম জেলায় এই হামলা চালানো হয়।
বিদ্রোহীদের নিয়ন্ত্রিত সাবা সংবাদ সংস্থা প্রাথমিকভাবে নিহতের সংখ্যা আট জানিয়েছিল। পাশাপাশি প্রাথমিক বিদ্যালয়টি বিধ্বস্ত হয়েছে বলেও জানায়।
তবে এই হামলার ব্যাপারে সৌদি জোটের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
২০১৫ সালের মার্চ থেকে সৌদি-নেতৃত্বাধীন জোট ইয়েমেনের হুতি বিদ্রোহীদের উপর বিমান হামলা চালিয়ে আসছে।
যদিও জোটের দাবি, তারা বেসামরিক সাধারণ নাগরিকদের লক্ষ করে কোনো হামলা চালায় না, কিন্তু জাতিসংঘ বলছে, এসব বিমান হামলায় হাজারো সাধারণ নাগরিক হতাহত হয়েছেন।
সাবা সংবাদ সংস্থা জানিয়েছে, বিদ্রোহী নিয়ন্ত্রিত রাজধানী সানা থেকে ৫৩ কিলোমিটার উত্তর-পশ্চিমাঞ্চলে আল-ফালাহ প্রাথমিক বিদ্যালয়ে মঙ্গলবার এই হামলা চালানো হয়। এতে বিদ্যালয়টি ধ্বংস হয়ে গেছে।
হামলায় আট শিশু নিহত ও ১৫জন গুরুতর আহত হয়েছেন বলে সংবাদ সংস্থাটির প্রতিবেদনে বলা হয়। পাশাপাশি স্কুলভবনের ধ্বংসস্তূপের নিচেও আরো অনেকে হতাহত হয়ে আটকা পড়ে থাকতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করেছে সংবাদ সংস্থাটি।
তবে চিকিৎসার দায়িত্বে নিয়োজিতদের সূত্রে জানা গেছে, দুই শিশু ও স্কুলের তিনকর্মী নিহত হয়েছেন।
