২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যৌনদাসী চুক্তির বিরুদ্ধে গায়ে আগুন দিয়ে প্রতিবাদ

দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানি সেনাদের কাছে নিপীড়িত ‘যৌনদাসী’দের নিয়ে জাপানের সঙ্গে করা চুক্তির বিরুদ্ধে গায়ে আগুন দিয়ে প্রতিবাদ জানিয়েছেন দক্ষিণ কোরিয়ায় একজন বৌদ্ধভিক্ষু।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2017, 08:23 PM

Updated : 11 Oct 2022, 01:17 PM

কর্মকর্তারা জানান, ৬৪ বছর বয়সী ওই ব্যক্তির শরীর মারাত্মক ভাবে (থার্ড-ডিগ্রি বার্ন) পুড়ে গেছে। হাসপতালে অজ্ঞান হয়ে আছেন তিনি।

বিবিসি’র খবরে বলা হয়, দুর্নীতির দায়ে অভিশংসিত প্রেসিডেন্ট পার্ক জিউন হাইকে দ্রুত অপসারণের দাবিতে শনিবার বিক্ষোভের মধ্যে ওই ব্যক্তি নিজের শরীরে আগুন ধরিয়ে দেন। জাপান-দক্ষিণ কোরিয়া যৌনদাসী চুক্তি নিয়ে দেশদ্রোহের অভিযোগ তুলে কর্তৃপক্ষের কাছে পাকর্কে গ্রেপ্তারেরও দাবি জানান তিনি।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোরিয়ার অনেক নারী জাপানি সেনাদের যৌনদাসী হতে বাধ্য হন। ২০১৫ সালে ক্ষতিগ্রস্ত ওই নারীদের জন্য জাপানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার ক্ষতিপূরণ চুক্তি হয়।

কিন্তু সমালোচকরা বলছেন,  যুদ্ধের সময় জাপানের সেনারা দক্ষিণ কোরিয়ার নারীদের উপর যে নির্যাতন করেছে; এ চুক্তি তার দায় স্বীকার করার জন্য যথেষ্ট নয়।

সিউল ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন ওই বৌদ্ধভিক্ষু আত্মহননের চেষ্টার আগে প্রেসিডেন্ট পার্ককে গ্রেপ্তার করার জন্য একটি চিরকুট লিখে যান বলে জানিয়েছে পুলিশ।

পার্ককে অপসারণের দাবিতে রাজধানী সিউলে চলমান বিক্ষোভ একাদশ সপ্তাহে পৌঁছেছে।

দক্ষিণ কোরিয়া দীর্ঘদিন ধরে জাপান সরকারকে ক্ষমাপ্রর্থনা এবং জাপানি সেনাদের ব্রথেলে কাজ করা ওই সব নারীদের জন্য ক্ষতিপূরণ দাবি করে আসছে।

২০১৫ সালে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত যৌনদাসীদের জন্য সহায়তা চুক্তি অনুযায়ী, ক্ষতিগ্রস্ত ওইসব নারীর জন্য দক্ষিণ কোরিয়ার গঠিত তহবিলে ১শ’ কোটি ইয়েন (৮৩ লাখ ডলার) ক্ষতিপূরণ দেওয়ার কথা রয়েছে জাপানের।

বিনিময়ে দক্ষিণ কোরিয়াকে রাজধানী সিউলের জাপান দূতাবাসের সামনে থাকা এক কিশোরীর ভাস্কর্য (যেটি ‘কমফোর্ট ওমেন' এর আদলে তৈরি) অন্যত্র সরিয়ে নিতে হবে।

১৯৯২ সাল থেকে প্রতি বছরই যৌনদাসীদের সঙ্গে কোরিয়ার সাধারণ মানুষ জাপান দূতাবাসের সামনে স্থাপিত ভাস্কর্যটিকে ঘিরে বিক্ষোভ করে আসছে।

২০১৫ সালের ‍চুক্তির পর ‘কমফোর্ট ওমেন’ ভাস্কর্যটি সরিয়ে নেওয়া হলেও তা পুনঃস্থাপন করা হয়েছে।

এ নিয়ে দুই দেশের সম্পর্ক টানাপড়েনের মধ্যে শুক্রবার সিউল থেকে জাপানের রাষ্ট্রদূত ইয়াসুমাসা নাগামিনসহ দুই শীর্ষ কর্মকর্তাকে সাময়িকভাবে সরিয়ে নিয়েছে টোকিও।

টোকিওর দাবি, ভাস্কর্যটির পুনঃস্থাপন ২০১৫ সালের চুক্তির লঙ্ঘন।