মাতাল তরুণদের বেপরোয়া গাড়িচালনার বলি ৪ দিনমজুর
ভারতের লখনউতে রাস্তায় পাশে অস্থায়ীভাবে তৈরি রাত্রিকালীন আশ্রয়ে ঘুমন্ত অবস্থায় গাড়ি চাপায় নিহত হয়েছেন চার দিনমজুর।
রোববার ভোররাতের এ ঘটনায় আরো ছয় দিনমজুর আহত হয়েছেন, এদের মধ্যে চারজনের আঘাত গুরুতর, জানিয়েছে এনডিটিভি।
লখনউয়ের দালিবাগ এলাকায় দিনমজুরদের ওই অস্থায়ী আশ্রয়টিতে নিয়ন্ত্রণ হারানো একটি গাড়ি ঢুকে পড়ে। গাড়িটি আটক করেছে পুলিশ।
রাত প্রায় ২টার দিকে ঘটনাটি ঘটে। তীব্র গতিতে তখন গাড়িটি চালানো হচ্ছিল। রাত্রিকালীন আশ্রয়টিতে ৩৫ জন দিনমজুর ঘুমিয়ে ছিলেন। তারা সবাই দৈনিক মজুরির ভিত্তিতে শ্রম বিক্রি করেন।
বেপরোয়া গতির কারণে মাতাল চালক গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। রাস্তার পাশের একটি লোহার বেষ্টনী ভেঙে গাড়িটি মজুরদের আশ্রয়টিতে ঢুকে পড়ে।
গাড়ির দুই মাতাল আরোহী ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করেন, কিন্তু ঘটনাস্থলের অন্যান্য মজুররা তাদের ধরে পুলিশে দেয়।
জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা মনজিল সাইনি বলেন, “চারজন নিহত হয়েছেন এবং চারজন গুরুতর আহত হয়েছেন। গাড়িতে দুই ব্যক্তি ছিলেন। আমরা তাদের গ্রেপ্তার করেছি। তাদের শনাক্ত করা হয়েছে।
“দুর্ঘটনার সময় তারা দুজনেই মাতাল ছিলেন। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।”
গাড়ির দুই আরোহীর একজন স্থানীয় এক রাজনীতিকের ছেলে এবং অন্যজন এক ব্যবসায়ীর ছেলে বলে প্রকাশিত খবরে জানা গেছে।
