ফ্লোরিডার বিমানবন্দরে হামলাকারী ইরাক ফেরত সেনা
ফ্লোরিডার লডারডেল বিমানবন্দরে লাগেজ খালাস এলাকায় গুলির্বষণে পাঁচজনকে হত্যা করেছে ইরাক যুদ্ধের অভিজ্ঞতা থাকা যুক্তরাষ্ট্রের এক সেনা।
শুক্রবারের ওই ঘটনায় ওই সেনাকে গ্রেপ্তার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ওই তাণ্ডবে আরো আটজন আহত হয়েছেন। ঘটনার সময় আতঙ্কিত যাত্রীরা ছোটাছুটি করে বিমানবন্দরের টার্মিনালে ও টারমাকে গিয়ে আশ্রয় নেন।
বন্দুকধারীকে স্তেবান সান্তিয়াগো বলে সনাক্ত করা হয়েছে। ২৬ বছর বয়সী সান্তিয়াগো যুক্তরাষ্ট্র সামরিক বাহিনীর পরিচয়পত্রধারী বলে ট্রান্সপোর্ট সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন (টিএসএ) এর কর্মকর্তাদের বরাতে জানিয়েছেন ফ্লোরিডার সিনেটর বিল নেলসনের এক মুখপাত্র।
এমএসএনবিসি জানিয়েছে সান্তিয়াগোর এক ফুপু জানিয়েছেন, ইরাক থেকে ‘অন্যমানুষ হয়ে’ ফিরেছে সে।
নভেম্বরে সান্তিয়াগো এফবিআইকে (ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন) জানিয়েছিলেন, তার মনকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। তার এ কথার পর এফবিআইয়ের গোয়েন্দারা তাকে মানসিক হাসপাতালে পাঠিয়েছিল বলে নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন কেন্দ্রীয় আইন প্রয়োগকারী সংস্থার এক কর্মকর্তা।
সামরিক বাহিনীর একজন প্রাইভেট ফ্লাস্ট ক্লাশ এবং একজন কম্ব্যাট ইঞ্জিনিয়ার হিসেবে হাফ ডজন মেডেল অর্জন করেন তিনি। গত বছরের অগাস্টে তাকে যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর ‘ইনঅ্যাক্টিভ রেডি রিজার্ভে’ বদলি করা হয়।
সান্তিয়াগো একটি বিমানে চেপে ফোর্ট লডারডেলে উপস্থিত হন। আসার সময় আইন মেনেই ব্যাগে করে একটি গুলি ছাড়া বন্দুক নিয়ে আসে। বিমানবন্দরের লাগেজ এলাকা থেকে নিজের ব্যাগটি নিয়ে বন্দুকে গুলি ভরতে সে বাথরুমে চলে যায় বলে এক ট্যুইটে জানিয়েছেন ব্রডওয়ে কাউন্টির কমিশনার চিফ লামারকা।
বাথরুম থেকে বরে হয়েই সে গুলি করতে শুরু করে, জানিয়েছেন লামারকা। এমএসএনবিসি টেলিভিশনকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গুলি ফুরিয়ে যাওয়ার পর সে থামে, ওই সময়ই পুলিশের কাছে আত্মসমর্পণ করে সে।
‘স্টার ওয়ারের’ টি-শার্ট পরা সান্তিয়াগো গুলি করার সময় কোনো কথা বলেননি বলে জানিয়েছেন তারা।
আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তারা সান্তিয়াগোকে লক্ষ্য করে কোনো গুলি না ছোড়ায় সে সম্পূর্ণ অক্ষত আছে বলে জানিয়েছেন ব্রডওয়ে কাউন্টির শেরিফ স্কট ইসরায়েল। তবে সান্তিয়াগোর উদ্দেশ্য সম্পর্কে তখনো কিছু জানা যায়নি বলে জানিয়েছেন তিনি।
ইসরায়েল বলেন, “এই মূহুর্তে মনে হচ্ছে, সে একাই এসব করেছে।” লডারডেল বিমানবন্দরে পুলিশের তল্লাশি অভিযান তখনো চলছিল।
ফ্লোরিডার মিয়ামি এলাকার একটি আকর্ষণীয় পর্যটন এলাকা ফোর্ট লডারডেল। চার টার্মিনালের ফোর্ট লডারডেল বিমানবন্দর দিয়ে গত নভেম্বরে প্রায় ২৫ লাখ যাত্রী যাতায়াত করেছেন।
সেখানে হামলার পর নিকটবর্তী মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরেও বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল।
