২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেড়ে উঠুন: ট্রাম্পকে জো বাইডেন

মার্কিন গোয়েন্দা সংস্থার সক্ষমতা নিয়ে সন্দেহ প্রকাশ করায় যুক্তরাষ্ট্রের হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে তাকে আরও ‘বড় হয়ে উঠে’ পরিপক্ক আচরণ করার পরামর্শ দিয়েছেন দেশটির বিদায়ী ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2017, 08:39 PM

Updated : 11 Apr 2022, 10:45 PM

পিবিএস নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে বাইডেন বলেন, “প্রতিরক্ষা গোয়েন্দা বিভাগ থেকে সিআইএ-র মত বড় বড় গোয়েন্দা সংস্থার প্রতি একজন প্রেসিডেন্ট হিসেবে আপনার আস্থা না থাকা এবং তাদের কথা শোনার প্রস্তুতি যদি আপনার না থাকে তবে সেটি নিশ্চিতভাবেই নির্বুদ্ধিতা।”

“আপনি গোয়েন্দা সংস্থার তুলনায় বেশি খবর জানেন এমন ভাবা অনেকটা একথাই বলার মত.....আমি পদার্থবিদ্যা সম্পর্কে আমার অধ্যাপকের চাইতে বেশি জানি। আমি বই পড়িনি, আমি শুধু জানি, আমি বেশি জানি।”

৮ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে জেতাতে রাশিয়ার হ্যাকাররা হস্তক্ষেপ করেছিল বলে দাবি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র।

যদিও রাশিয়া এবং ট্রাম্প বরাবরই নির্বাচনে হ্যাকিং হওয়ার বিষয়টি অস্বীকার করে এসেছে।

সর্বশেষ বৃহস্পতিবার টুইটারে ট্রাম্প বলেছিলেন, নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের বিষয়ে মাসখানেকের বেশি সময় ধরে সন্দেহ প্রকাশ করার পরও তিনি মার্কিন গোয়েন্দা সংস্থার একজন ‘বড় ভক্ত’ ছিলেন। কিন্তু পরে নিজেদের কম্পিউটারে অবৈধ অনুপ্রবেশের বিষয়ে ডেমোক্রেটিক পার্টির প্রতিক্রিয়া তার মনে প্রশ্নের জন্ম দিয়েছে।

তিনি বলেন, “(ডেমোক্রেটিক দলের) কম্পিটার সার্ভার পরীক্ষা করার কোনো ধরণের অনুরোধ না পাওয়া সত্ত্বেও তারা কিভাবে এবং কেন হ্যাকিংয়ের বিষয়ে এত নিশ্চিত হয়ে বলছে। কী হচ্ছে?”

এর আগে গতসপ্তাহে টুইটারে ট্রাম্প বলেছিলেন, তিনি ‘মঙ্গলবার বা বুধবার’ হ্যাকিংয়ের বিষয়ে তথ্য দেবেন। যদিও এমন কোনো ঘোষণা শেষ পর্যন্ত আসেনি।

টুইটারে নানা বিষয়ে ট্রাম্পের ক্রমাগত আক্রমণের বিষয়ে বাইডেন বলেন, “এবার তো বড় হন ডোনাল্ড, বেড়ে উঠুন, প্রাপ্ত বয়স্ক হওয়ার সময় হয়েছে, আপনি একজন প্রেসিডেন্ট। কিছু করে দেখানোর সময় এসেছে।আপনার যে সক্ষমতা রয়েছে তা আমাদের দেখান।”

তবে এত সমালোচনা করলেও ট্রাম্পকে ‘একজন ভাল মানুষ’ বলে বর্ণনা করেন বাইডেন।

২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করবেন ট্রাম্প।