ইরাকে আইএসের দুটি গাড়িবোমায় নিহত ১৪
ইরাকের রাজধানী বাগদাদে ইসলামিক স্টেটের (আইএস) দুই দফা গাড়িবোমা হামলায় অন্ততপক্ষে ১৪ জন নিহত হয়েছেন।
পুলিশ ও গণমাধ্যমের খবরে বলা হয়েছে, উত্তরাঞ্চলীয় শহর মসুল থেকে যুক্তরাষ্ট্রের সহায়তায় ইরাকি বাহিনী যখন আইএস জঙ্গিদের তাড়ানোর চেষ্টা চালাচ্ছে, ঠিক সেই সময়পর্বেই বাগদাদে ধারাবাহিক হামলার অংশ হিসেবে বৃহস্পতিবার এই গাড়িবোমা হামলা চালানো হল।
বৃহস্পতিবার সকালে প্রথম গাড়িবোমা হামলাটি চালানো হয় বাগদাদের পূর্বাঞ্চলীয় শহরতলীতে একটি মসজিদের কাছে। এতে অন্ততপক্ষে ছয়জন নিহত ও ১৫ জন আহত হন।
অনলাইনে আইএসের দেওয়া এক বিবৃতিতে দাবি করা হয়, শিয়া মুসলিম সম্প্রদায়ের জড়ো হওয়া মানুষদের লক্ষ করে তারা হামলাটি চালিয়েছে।
শিয়াদের ‘কাফের’ বা ‘অমুসলিম’ বলে বিবেচনা করে উগ্র সুন্নিপন্থি আইএস জঙ্গিরা।
দ্বিতীয় গাড়িবোমার বিস্ফোরণ ঘটানো হয় মধ্যাঞ্চলীয় বাব আল-মোদহাম জেলার একটি নিরাপত্তা তল্লাশি চৌকির কাছে। এতে আটজন নিহত হন।
দুটি বোমাই দাঁড় করিয়ে রাখা গাড়িতে পেতে রাখা হয়েছিল।
তবে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) প্রায়ই ইরাকের রাজধানী বাগদাদে সাধারণ মানুষ অধ্যুষিত এলাকাগুলোতে হামলা চালিয়ে থাকে।
গেল সপ্তায় বাগদাদজুড়েই হামলা হয়েছে। কোনো কোনো হামলার দায় স্বীকার করেছে উগ্রপন্থি সুন্নি সম্প্রদায়ভুক্ত আইএস জঙ্গিরা। এসব হামলায় ৬০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।
ইরাকের বিশাল অংশ দখল করে নেওয়া আইএস জঙ্গিদের হঠাতে যুক্তরাষ্ট্রের সহায়তায় ইরাকি বাহিনী অভিযান চালিয়ে যাচ্ছে।
বেহাত হয়ে যাওয়া দেশটির উত্তরাঞ্চলীয় দ্বিতীয় বৃহত্তম শহর মসুল থেকে জঙ্গিদের তাড়াতে চেষ্টা চালিয়ে যাচ্ছে ইরাকি বাহিনী।
