২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিস্তিনি হত্যায় ইসরায়েলি সেনা দোষী সাব্যস্ত

অধিকৃত পশ্চিম তীরের হেবরনে ছুরি হাতে হামলা চালাতে গিয়ে গুরুতর আহত এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যার অভিযোগে ইসরায়েলি সেনা ইলোর আজারিয়াকে দোষী সাব্যস্ত করেছে তেল আবিবের সামরিক আদালত।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2017, 05:36 PM

Updated : 11 Apr 2022, 10:44 PM

২০ বছর বয়সী সার্জেন্ট আজারিয়ার সাজা পরবর্তী কোনও একদিন ঘোষণা করা হবে।

আদালত আজারিয়াকে দোষী বলে রায় দেওয়ার পর ইসরায়েলের রাজধানী তেল আবিবের কেন্দ্রস্থলে একটি সামরিক ঘাঁটির বাইরে তার সমর্থনে বিক্ষোভে নেমেছে শত শত কট্টর-ডানপন্থি বিক্ষোভকারী।

আজারিয়ার বিরুদ্ধে অভিযোগ, হেবরনে গত বছর মার্চে ফাতাহ আল-শরিফ (২১) নামের ওই ফিলিস্তিনি গুলিবিদ্ধ হয়ে অসাড় অবস্থায় সড়কে পড়ে থাকার বেশ কয়েক মিনিট পর আজারিয়া তাকে মাথায় গুলি করে হত্যা করেন।

বিবিসি’র খবরে বলা হয়, ২৪ মার্চে শরিফ ও রামজি আজিজ আল-কোয়াসরাউই (২১) নামের আরেক ফিলিস্তিনি ইসরায়েলের এক সেনাকে ছুরিকাঘাতে আহত করার পর সেনারা তাদের গুলি করলে শরিফ আহত এবং কোয়াসরাউই নিহত হন।

ওই ঘটনার বেশ কয়েক মিনিট পর একজন ফিলিস্তিনি সেখানকার পরিস্থিতি ভিডিও করেন। ইসরায়েলের একটি মানবাধিকার গ্রুপ ভিডিও ফুটেজটি প্রকাশ করে। বার্তা সংগঠনগুলোতে এ ফুটেজ প্রকাশ পেলে ঘটনাটি আন্তর্জাতিক অঙ্গনে উঠে আসে।

ভিডিওতে শরিফকে জীবিত দেখা যায় এবং তার বেশ কয়েক মিনিট পর একজন ইসরায়েলি সেনাকে (পরে জানা যায় তিনি সার্জেন্ট আজারিয়া) রাইফেল উঁচু করে শরিফের মাথায় গুলি করতে দেখা যায়।

আত্মপক্ষ সমর্থনে সার্জেন্ট আজারিয়া আদালতকে বলেন, তিনি ভেবেছিলেন শরিফের কাছে বিস্ফোরক বেল্ট রয়েছে।

তবে কৌসুলিরা ‘তার উদ্দেশ্য ছিল প্রতিশোধ নেওয়া’ বিষয়টি প্রমাণ করতে সক্ষম হন।

আজারিয়ার বিচাররের বিরুদ্ধে তার পরিবারের প্রচার এমনকি ডানপন্থি রাজনীতিবিদদের সমালোচনার মুখেও সামরিক আদালত তার বিপক্ষে রায় দিল।

তিন বিচারকের সামরিক আদালত আজারিয়ার আত্মপক্ষ সমর্থনে ফিলিস্তিনি হত্যার যুক্তি নাকচ করে দিয়ে বলেছে, “যখন একজন সন্ত্রাসী আহত অবস্থায় মাটিতে পড়ে আছে এবং হামলার শিকার বা আশেপাশের কারও জন্যই হুমকির কারণ নন তখনও তাকে আক্রমণ করে সার্জেন্ট আজারিয়া লড়াইয়ের নীতি লঙ্ঘন করেছেন।”

ওই ঘটনার পরপরই আজারিয়ার কোম্পানি ও ব্যাটেলিয়ন কামান্ডাররা তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি তাদের কাছে সম্পূর্ণ ভিন্ন কথাও বলেন।

সেনা তদন্তকারীদের জিজ্ঞাসাবাদের সময় আজারিয়া বলেছিলেন, “তারা আমার বন্ধুকে ছুরি মেরেছে এবং তাকে হত্যার চেষ্টা করেছে--মৃত্যু তার পাওনা।”

যদিও সেনা তদন্তকারীদের ওই দাবি আদালতে অস্বীকার করেছেন আজারিয়া।

শরিফের ময়নাতদন্তের প্রতিবেদনও আমলে নিয়েছে আদালত। ময়নাতদন্তে বলা হয়, মাথায় একটি গুলি লাগার কারণে তার মৃত্যু হয়েছে।

এ ঘটনার পর ফিলিস্তিনের নেতারা সার্জেন্ট আজারিয়ার বিচার দাবি করেন।

বিবিসি জানায়, অত্যন্ত সংবেদনশীল এ মামলা ইসরায়েলে বড় ধরনের বিভেদ সৃষ্টি করেছে। সেখানে আজারিয়ার পক্ষে মিছিল হয়েছে এবং ইসরায়েলের কয়েকজন জ্যেষ্ঠ রাজনীতিবিদ তাকে সমর্থন দিয়েছেন।

যদিও ইসরায়েলের শীর্ষ সামরিক কর্মকর্তারা বলছেন, সার্জেন্ট আজারিয়ার কর্মকাণ্ডে ইসরায়েল ডিফেন্স ফোর্সের (আইডিএফ) মূল্যবোধের প্রতিফলন ঘটেনি।