ফিলিপিন্সে ১৫৪ কয়েদিকে মুক্ত করেছে সশস্ত্র হামলাকারীরা
ফিলিপিন্সের দক্ষিণাঞ্চলে মুসলিম বিদ্রোহীদের সঙ্গে সম্পর্কিত একদল সশস্ত্র লোক কারাগারে হামলা চালিয়ে এক রক্ষীকে খুন করে দেড়শরও বেশি বন্দিকে মুক্ত করে নিয়ে গেছে।
বুধবার রাত ১টায় কিডাপাবন শহরের উত্তর কোটাবাটো জেলা কারাগারে হামলার এ ঘটনা ঘটে, স্থানীয় রেডিও স্টেশনকে জানিয়েছেন প্রিজন ওয়ার্ডেন পিটার বোনগাট।
কারাগারটিতে এক হাজার ৫১১ জন কয়েদি ছিলেন, এদের মধ্যে ১৫৮ জন পালিয়ে যেতে সক্ষম হন, কিন্তু এদের মধ্যে চারজন ফের পুলিশের হাতে ধরা পড়েন।
এক রক্ষীকে হত্যা ও ১৫৪ জন বন্দিকে মুক্ত করে নিয়ে যাওয়ার কথা নিশ্চিত করেছে পুলিশ।
বোনগাট বলেন, “ঘটনাটি সুপরিকল্পিত ছিল। পালিয়ে যেতে কয়েদিরা কম্বল ব্যবহার করেছে। তাদের ধরতে অভিযান শুরু করেছি আমরা।”
এ ঘটনার সঙ্গে মোরো ইসলামিক লিবারেশন ফ্রন্টের (এমআইএলএফ) এক কমান্ডার জড়িত বলে প্রাথমিক তথ্যের ভিত্তিতে জানিয়েছেন তিনি।
ফিলিপিন্সের দক্ষিণাঞ্চলীয় দ্বীপগুলোতে কয়েক দশক ধরে মুসলিম বিদ্রোহীরা তৎপরতা চালিয়ে আসছে। ওই এলাকায় শান্তি প্রতিষ্ঠার জন্য দেশটির প্রেসিডেন্ট রদরিগো দুতের্তে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
