২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সরাসরি লন্ডনের পথে প্রথম মালবাহী চীনা ট্রেন

ইউরোপের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্কের উন্নয়ন ঘটানোর অংশ হিসেবে সুদূর লন্ডনের পথে মালবাহী ট্রেনের সরাসরি সার্ভিস চালু করেছে চীন। 

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2017, 10:37 AM

Updated : 11 Apr 2022, 10:44 PM

মঙ্গলবার চীনের ‍পূর্বাঞ্চলীয় প্রদেশ ঝেজিয়াং এর ইউও শহর থেকে প্রথম মালবাহী ট্রেনটি সরাসরি লন্ডনের পথে যাত্রা শুরু করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা সিনহুয়া, রয়টার্স।

এই ট্রেনটিতে কাপড়, ব্যাগ ও গৃহস্থালী সামগ্রী বহন করা হচ্ছে বলে জানিয়েছে বিবিসি। 

চীন থেকে ব্রিটেনের পথে ১২ হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে সার্ভিসটির ১৮ দিন সময় লাগবে। সার্ভিসটি চীন থেকে কাজাখস্তান, রাশিয়া, বেলারুশ, পোল্যান্ড, জার্মানি, বেলজিয়াম ও ফ্রান্স হয়ে পূর্ব লন্ডনের বার্কিং রেল ফ্রাইট টার্মিনালে পৌঁছবে।

তবে এই পথে বিভিন্ন গেজের লাইন থাকায় চীন থেকে রওয়ানা হওয়া ট্রেনটি সরাসরি লন্ডনে যেতে পারবে না। পথের বিভিন্ন পয়েন্টে ট্রেন পরিবর্তন করতে হবে।

চায়না রেলওয়ে ইতোমধ্যে চীন ও ইউরোপের কয়েকটি শহরের মধ্যে সার্ভিস চালু করেছে। এসব শহরের মধ্যে স্পেনের মাদ্রিদ ও জার্মানির হামবুর্গ উল্লেখযোগ্য।

ট্রেনে মালামাল পাঠানো আকাশ পথের চেয়ে সাশ্রয়ী হচ্ছে এবং এতে সাগর পথের চেয়ে সময়ও কম লাগছে।

ইউরোপের সঙ্গে রেল যোগাযোগের এই পথটিকে ‘নিউ সিল্ক রুট’ বলে অভিহিত করছে চীন সরকার। এই রুটে যুক্ত হওয়া ১৫তম ইউরোপীয় শহর হতে যাচ্ছে লন্ডন।