সোমালিয়ায় শান্তিরক্ষী বাহিনীর ঘাঁটিতে আত্মঘাতী হামলা
সোমালিয়ার রাজধানীতে আফ্রিকান ইউনিয়নের শান্তিরক্ষী বাহিনীর প্রধান ঘাঁটিতে আত্মঘাতী বোমা হামলাকারীদের হামলায় অন্ততপক্ষে তিনজন নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন।
ইসলামপন্থি জঙ্গিগোষ্ঠী আল শাবাব এই হামলার দায় স্বীকার করেছে।
রাজধানী মোগাদিশুর প্রধান বিমানবন্দরের কাছে ওই ঘাঁটিটি যে এলাকায় অবস্থিত সেখানে বেশ কয়েকটি দেশের দূতাবাস, ত্রাণ সংস্থা ও টেলিকম প্রতিষ্ঠানের কার্যালয় রয়েছে।
সোমালিয়ার পুলিশ কর্মকর্তা মোহামেদ আহমেদ বলেন, একজন হামলাকারী গাড়ি চালিয়ে আফ্রিকান শান্তিরক্ষী বাহিনীর (এএমআইএসওএম) সদরদপ্তরের তল্লাশি চৌকিতে এসে বিস্ফোরণ ঘটান। এতে সোমালিয়ার তিন নিরাপত্তা কর্মকর্তা নিহত হন।
অপর একটি গাড়ি সদরদপ্তরের প্রধান ফটকের দিকে অগ্রসর হলে সেটি শান্তিরক্ষীদের গুলির মুখে পড়ে বলে তিনি জানান।
এএমআইএসওএম তাদের টুইটার ফিডে জানিয়েছে, “ফটকের ২০০ মিটার দূরে বিস্ফোরণটি ঘটে। এতে বেসামরিক কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।”
শক্তিশালী এই বিস্ফোরণে হোটেল পিসের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ওই হোটেলে অবস্থানরতদের হতাহতের কোনো খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
আল শাবাবের সামরিক মুখপাত্র শেখ আবদিয়াসিস আবু মুসাব বলেন, যোদ্ধাদের লক্ষ্য ছিল হোটেলে হামলা চালানো।
