ব্রাজিলে কারা দাঙ্গায় নিহত অন্তত ৬০
ব্রাজিলের আমাজনাস রাজ্যে রক্তক্ষয়ী এক কারা দাঙ্গায় ৬০ জনের বেশি বন্দি নিহত হয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।
পুলিশ জানায়, রোববার শুরু হওয়া এ দাঙ্গা সোমবার সকালের দিকে শেষ হয়েছে। বন্দিরা অস্ত্র সমর্পণ করার পর এবং জিম্মি করা শেষ ১২ কারারক্ষীকে মুক্তি দেওয়ার পর পরিস্থিতি শান্ত হয়।
আমাজনের জঙ্গলের মানাউস শহরের দুই প্রতিদ্বন্দ্বী মাদক চোরাকারবারি গ্রুপের মধ্যে লড়াই থেকে এ দাঙ্গা হয়। এ ঘটনায় বেশ কয়েকজন বন্দি পালিয়ে গেছে বলে খবর এসেছে।
ব্রাজিলের কারাগারগুলোতে ধারণক্ষমতার চেয়ে বেশি বন্দি থাকায় মারাত্মক সমস্যা সৃষ্টি হয়েছে।
রোববার বিকালে দাঙ্গা শুরুর পর ছয় বন্দির মুণ্ডুবিহীন লাশ কারাপ্রাচীরের ওপর দিয়ে ছুঁড়ে ফেলে দেওয়া হয় বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়।
এ ঘটনায় ৬০ জনের বেশি নিহত হওয়ার খবর দিয়েছে তারা।
রাজ্যের নিরাপত্তাপ্রধান সার্জিও ফন্তেস এক সংবাদ সম্মেলনে বলেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। কর্তৃপক্ষ এখনও কারাগার থেকে পালানো বন্দির সংখ্যা হিসাব করে দেখছে।
ব্রাজিলের জনাকীর্ণ কারাগারগুলোতে কয়েকবছরের মধ্যে এটিই সবচেয়ে মারাত্মক সহিংসতার ঘটনা।
আন্তর্জাতিক মানবাধিকার গোষ্ঠীগুলো কারাদাঙ্গার ঘটনার জন্য ব্রাজিলের কারাব্যবস্থার তীব্র সমালোচনা করেছে। কারাগারের ধারণক্ষমতার চেয়ে অতিরিক্তি বন্দি থাকার কারণে প্রায়ই এমন মারাত্মক দাঙ্গা হয় বলে অভিযোগ তাদের।
আমাজনাস রাজ্যের এ কারাগারটির ধারণক্ষমতা ৪৫৪ হলেও এটিতে প্রায় ৬শ’ বন্দি রাখা হয়।
অক্টোবরে রোরাইমা রাজ্যের বোয়া ভিস্তা এলাকায় এমনই এক কারাদাঙ্গায় অন্তত ২৫ বন্দি নিহত হয়েছিল এবং পেরনামবুকো রাজ্যের কারুআরুতেও নিহত হয়েছিল ৭ তরুণ।
