২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্পেনের সীমান্ত বেড়ায় অভিবাসন প্রত্যাশীদের হামলা

প্রায় ১১০০ আফ্রিকান অভিবাসন প্রত্যাশী স্পেনের একটি সীমান্ত বেড়ায় চড়াও হয়ে তা অতিক্রম করার চেষ্টাকালে মরক্কোর ৫০ জন নাগরিক ও পাঁচ স্পেনিশ সীমান্ত রক্ষী আহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2017, 11:56 AM

Updated : 11 Apr 2022, 10:44 PM

ওই অভিবাসন প্রত্যাশীরা উত্তর আফ্রিকায় অবস্থিত স্পেনের ছিটমহল সিউটায় প্রবেশ করার চেষ্টা করছিল বলে জানিয়েছে বিবিসি।

রোববার নতুন বছরের প্রথম দিন ভোর ৪টার দিকে ঘটনাটি শুরু হয়।

এসব অভিবাসন প্রত্যাশীর মধ্যে মাত্র দুইজন সফল হয়েছেন। কিন্তু দুইজনই সীমান্তটির ২০ ফুট উঁচু (ছয় মিটার) বেড়া টপকানোর সময় আহত হন। চিকিৎসার জন্য তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এক স্পেনীয় কর্মকর্তা জানিয়েছেন, আহত স্পেনীয় সীমান্তরক্ষীদের মধ্যে একজন তার একটি চোখ হারিয়েছেন।

হাঙ্গামার পরও অধিকাংশ অভিবাসন প্রত্যাশীকে রুখে দেওয়া হয়েছে, তারা আবার মরক্কোয় ফিরে গেছেন। তারপরও বহু অভিবাসন প্রত্যাশী বেড়া টপকে ভেতরে ঢুকেছিলেন, কিন্তু স্পেনীয় রক্ষীরা তাদের ফের মরক্কোয় পাঠিয়ে দেয়।     

অন্য যারা বেড়া অতিক্রম করে ভিতরে ঢুকে ধরা পড়েছেন তাদের নিজ দেশে পাঠিয়ে দেওয়া হবে বলে জানা গেছে।

সিউটায় স্পেনীয় সরকারের প্রতিনিধির দপ্তর এক বিবৃতিতে ঘটনাটিকে ‘অত্যন্ত সহিংস ও সংগঠিত’ বলে বর্ণনা করেছে।

ডিসেম্বরে চারশোরও বেশি অভিবাসন প্রত্যাশী সীমান্ত বেড়া ভেদ করে সিউটায় ঢুকে পড়ে, সেই সাফল্যের অনুপ্রেরণায় এবারের ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

সাহারা মরুভূমির দক্ষিণের দেশগুলোর শত শত ইউরোপ অভিবাসন প্রত্যাশী অবৈধভাবে মরক্কোয় বসবাস করছেন। তারা বছরের পর বছর ধরে মরক্কো থেকে উত্তর আফ্রিকায় স্পেনীয় ছিটমহল সিউটা ও মেলিলায় প্রবেশের চেষ্টা করছেন।

আফ্রিকায় ইউরোপের স্থলসীমান্ত হয়ে আছে স্পেনের এই দুটি ছিটমহল।