চীনে অবৈধ কিডনি ব্যবসায় ১৬ জনের জেল
কালোবাজারে অবৈধভাবে কিনডি ব্যবসায় জড়িত থাকার অভিযোগে ১৬ জনকে পাঁচ বছর করে জেল দিয়েছেন চীনের একটি আদালত। রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবর দিয়েছে।
চীনের পূর্বাঞ্চলের শানদং প্রদেশের সিনান শহরের লিক্সিয়া জেলা আদালত এ রায় দেয়। আসামিদের মধ্যে দু’জন ডাক্তার, একজন নার্স ও একজন অ্যানেসথেসিস্ট। তারা গোপনে কিডনি প্রতিস্থাপন করত বলে আদালত জানিয়েছে।
স্থানীয় আদালতের বরাত দিয়ে সিনহুয়া বার্তা সংস্থা জানায়, অবৈধ এ ব্যবসায় জড়িতরা বেশির ভাগই স্বাস্থ্য কর্মকর্তা, তারা ইন্টারনেট ব্যবহার করে ক্রেতা (রোগী) ও বিক্রেতার কিডনি মিলিয়েছেন।
২০০৭ সালে চীন মানব অঙ্গ-প্রত্যঙ্গের বেচাকেনা নিষিদ্ধ করে। কিন্তু জনসংখ্যা বেশি হওয়ায় দেশটিতে কিডনির চাহিদা আছে।
দীর্ঘদিন থেকে চীন মৃত্যুদণ্ড কার্যকর করা আসামিদের শরীর থেকে এ চাহিদা পূরণ করা হয়ে এসেছে। কিন্তু আন্তর্জাতিক সমালোচনার মুখে ২০১৫ সাল থেকে এ রীতি বন্ধ করে দেশটি। পরে সরকারিভাবে দাতাদের আলাদা তালিকাও তৈরি করা হয়।
কিন্তু চাহিদা বেশি থাকায় এবংঅনেক সময় বৈধ উপায়ে প্রতিস্থাপনের জন্য পর্যাপ্ত দাতা পাওয়া না যাওয়ায় অনেকেই অবৈধ পথে যান।
